১১ লাখ ছয় হাজার মেট্রিক টন জ্বালানি আমদানিতে সায়
১১ লাখ ছয় হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জ্বালানি তেল আমদানি সংক্রান্ত ১১টি প্রস্তাব অনুমোদনের কথা জানান।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রায় সব ক্ষেত্রেই প্রতি ব্যারেল গ্যাসওয়েলের দাম ধরা হয়েছে সাড়ে চার মার্কিন ডলার এবং ফার্নেসওয়েলের দাম ধরা হয়েছে ২৪ মার্কিন ডলার।
জ্বালানি তেল আমদানির সবগুলো প্রস্তাবই চলতি বছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকের জন্য।
মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে চীনের জেনহুয়া ওয়েল কোম্পানি থেকে ৩০ হাজার টন গ্যাসওয়েল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
চীনের ইউনিপে সিঙ্গাপুর লিমিটেড কোম্পানি থেকে এক লাখ ৭০ হাজার টন গ্যাস ও ফার্নেস ওয়েল আমদানির প্রস্তাব অনুমোদনের কথা জানান অতিরিক্ত সচিব।
ব্রুনাইয়ের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিবি ট্রেডিং সেনডিরিয়ান বারহাদ থেকে একই মেয়াদে ৬০ হাজার টন গ্যাস ওয়েল আমদানি, মালয়েশিয়ার পেটকো ট্রেডিং লেবুন কোম্পানি লিমিটেড থেকে ২ লাখ ৭৫ হাজার টন ফার্নেস ওয়েল, গ্যাস ওয়েল ও জেড ওয়ান ফুয়েল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ভিয়েতনামের পেট্রোলিমেক্স থেকে ৮০ হাজার টন গ্যাস ও ফার্নেস ওয়েল, চীনের পেট্রোচীনা ইন্টারন্যাশনাল থেকে এক লাখ ১০ হাজার টন গ্যাস ও ফার্নেস ওয়েল আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
ফিলিপিন্সের পিএনওসি এক্সপ্লোরেশন করপোরেশন থেকে এক লাখ ৬১ হাজার টন গ্যাস ও ফার্নেস ওয়েল, ইন্দোনেশিয়ার পিটি বুমিসিয়াক পুসাকো জেপিন থেকে ৫০ হাজার টন গ্যাস ওয়েল ও ফার্নেস ওয়েল এবং তুরস্কের টার্কিশ পেট্রোলিয়াম ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ৩০ হাজার টন গ্যাস ওয়েল কেনা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানি থেকে একই মেয়াদে এক লাখ ১০ হাজার টন গ্যাস ও ফার্নেস ওয়েল এবং ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে ৩০ হাজার টন গ্যাসওয়েল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
