২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিমানবন্দরের মানোন্নয়নের পরিকল্পনা ‘চূড়ান্ত’

সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দরের পাশাপাশি বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দরের মানোন্নয়ন পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আশিক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর পাশাপাশি অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোও ডেভেলপ করছি। তিনটি অভ্যন্তরীণ বিমানবন্দর আমাদের প্রায়োরিটিতে আছে। তিনটির ক্ষেত্রেই কারিগরি প্রকল্প প্রস্তাবনা (টিপিপি) অনুমোদন হয়েছে।

“এক নম্বরে আছে বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর, সরকার ইতোমধ্যেই এ বিমানবন্দরের অনুমোদন দিয়েছে। এরপর আছে সৈয়দপুর, এটিকে প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের নিয়ে আঞ্চলিক অর্থনীতি ও পর্যটনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”

সৈয়দপুর বিমানবন্দর ‘অত্যন্ত সুন্দর জায়গায়’ অবস্থিত- জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, যেখান থেকে নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশ চারটি দেশই ‘বেনিফিট নিতে পারে’।

“এ ব্যাপারে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক কথা বলেছে। আমাদের দেশ ঘুরেও গেছেন অনেকে। তারা আগ্রহ দেখিয়েছেন। আমরাও মনে করি, দেশের অর্থনীতিতে এটি বিশেষ অবদান রাখতে পারবে।”

তিনি বলেন, এর অংশ হিসেবে সৈয়দপুরের বর্তমান বিমানবন্দরটির মানোন্নয়ন প্রকল্পের আওতায় বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল হবে।

“বিমানবন্দরটিতে যেন বড় বড় উড়োজাহাজ নামতে পারে এবং সেটি যেন আরও বেশি যাত্রী ধারণক্ষম হয় সে হিসেবে গড়ে তোলা হবে।”

প্রকল্পটির চূড়ান্ত পরিকল্পনা বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, “পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিমানবন্দরের মানোন্নয়ন কাজ শুরু হয়ে যাবে।”

বাগেরহাটে নির্মিতব্য খান জাহান আলী বিমানবন্দরের ‘ফেইজ ওয়ানের’ কাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি মাস ছয়েক আগে সরকারের অনুমোদন পেয়েছে। এখন নকশা ও ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।

খান জাহান আলী বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ ও ভরাটের কাজ চলছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান সানাউল বলেন, “বিমানবন্দরটির জন্য প্রায় ১০৫০ হেক্টর জমি প্রয়োজন। বিমানবন্দরের নিজস্ব রয়েছে ১০৫ একর। এটার টিপিপি অনুমোদন হয়েছে। এখন প্রাক প্রকল্প যাচাই (পিইসি) এর জন্য জমা দেব।”

পিইসি অনুমোদন পাওয়ার পর প্রকল্পটি একনেকে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে।

বরিশাল বিমানবন্দর সম্প্রসারণের একটি প্রকল্পও চলছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

তিনি বলেন, “বরিশাল এলাকা সাইক্লোন অধ্যুষিত হওয়ায় বিমানবন্দরটি সম্প্রসারণ প্রয়োজন, যাতে ত্রাণ সহজেই পৌঁছানো যায়।”

ওই এলাকায় বিমানবাহিনীর ঘাঁটি নেই- উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, “বিমানবন্দরের রানওয়েটি বিমানবাহিনীও যেন প্রয়োজনে ব্যবহার করতে পারে সেটিও একটি কারণ। এতে করে যোগাযোগ বাড়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।”

১৯৮৫ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ১৬০ একর জমিতে হয় বরিশাল বিমাবনবন্দর।

বর্তমানে এতে রয়েছে একটি টার্মিনাল ভবন এবং ছয় হাজার ফুট দীর্ঘ ও ১০০ ফুট প্রস্থ রানওয়ে।