বিদ্যুৎ-জ্বালানি খাতের অগ্রগতিতে বাধা দুর্নীতি: প্রতিমন্ত্রী
দুর্নীতির কারণে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “দুর্নীতির কারণে বিদ্যুৎ-জ্বালানি খাত কিছুটা শ্লথ গতিতে রয়েছে। এই গতি বাড়ানোর চেষ্টা চলছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি আছে; গ্রামে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে বেশি দুর্নীতি হয়।”
আগামী বছরের মধ্যে ‘বিদ্যুৎ-জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করার’ প্রত্যয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একেবারে দুর্নীতিমুক্ত করা না গেলেও ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি কমে যাবে। এর মধ্যেই অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে।
দেশের জ্বালানি খাত ‘বিপদজনক’ অবস্থা উত্তরণের পর্যায়ে থাকলেও হতাশার কিছু নেই বলে মনে করেন তিনি।
“যে পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়িত হলে জ্বালানি ঘাটতি থাকবে না। কাজ শুরু হয়েছে; ফল পেতে কয়েক বছর লাগবে।”
এসময় আবাসিক ও শিল্প-কারখানার চাহিদা মেটাতে গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েও কথা বলেন নসরুল হামিদ।
“আবাসিক গ্যাসের ৭০ ভাগ চাহিদা এলপিজি দিয়ে মেটানো হবে, সেজন্য কাজ চলছে। এতে আমদানি করা গ্যাসের ব্যবহার বাড়বে। এছাড়া শিল্প কারখানায় গ্যাস সরবরাহের জন্য নতুন তিনটি এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল করা হচ্ছে।”
শনিবার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সেমস গ্লোবাল ও এনার্জি বাংলার আয়োজনে ‘প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ: দিক নিদের্শনা চায় উদ্যোক্তা‘ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সাংবাদিক রফিকুল বাসারের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইজাজ হোসেন।
আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা ও বুয়েটের পেট্রোলিয়াম বিভাগের অধ্যাপক ম. তামিম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউ কে ভট্টাচার্য, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা ড. শামসুল আলম এবং জ্বালানি বিশেষজ্ঞ ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল ই এলাহী।
স্বাগত বক্তব্য দেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।
মূল প্রবন্ধে বলা হয়, জ্বালানি নিশ্চিত করা না গেলে দেশের খাদ্য নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব পড়বে। জ্বালানি চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি পূরণ করতে হলে আমদানির বিকল্প নেই। বিদ্যুৎ, সার ও শিল্পে পুরনো যন্ত্রপাতির কারণে জ্বালানির অপচয় হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করা জরুরি।
গত কয়েক বছরে নতুন করে কোনো গ্যাসের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে যে মজুদ আছে তা দিয়ে ৫০ শতাংশ চাহিদা পূরণ করা হচ্ছে।
প্রবন্ধে বলা হয়, জ্বালানির চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি পূরণ করতে বিকল্প জ্বালানি আমদানি করতে হবে। এলএনজি আমদানি করে শিল্পে গ্যাসের চাহিদা পূরণ করা যায়। কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব।
অন্য দিকে, আবাসিক এলাকায় পাইপলাইনে গ্যাসের পরিবর্তে এলপিজি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এলপিজির দাম নির্ধারণ ও চাহিদা অনুযায়ী সরবরাহ করা জরুরি।
আলোচনায় অংশ নিয়ে ম. তামিম বলেন, রাজনৈতিক সমন্বয়ের অভাবে জ্বালানি খাত পিছিয়ে যাচ্ছে। সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে না পারলে ভবিষ্যতে আরও পিছিয়ে পড়বে দেশ।
দেশে ‘সমন্বিত জ্বালানি নীতি’র প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ইউকে ভট্টাচার্য বলেন, প্রাথমিক জ্বালানি ফুরিয়ে যাওয়ায় আমদানি করা জ্বালানির উপর চাপ বাড়ছে।
“এক্ষেত্রে কয়লাভিত্তিক জ্বালানি উৎপাদন কম খরচের ও উপযোগী হবে। রামপালে কয়লা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এখানে যে কয়লা ব্যবহার হবে তা পরিবেশবান্ধব করেই করা হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করতে হলে কোম্পানিগুলো থেকে সরকারি কর্মকর্তাদের বাদ দেওয়ার পরামর্শ দেন ক্যাবের উপদেষ্টা শামসুল আলম।
মকবুল ইলাহী বলেন, জ্বালানি তহবিলে যে অর্থ আছে তা জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ করতে হবে। বেশি বেশি অনুসন্ধান করে জ্বালানি মজুদ নিশ্চিত করতে হবে। তবেই ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
