২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকাকে বাসযোগ্য করতে সরকারি সংস্থাগুলোর সমন্বয় দরকার’

রাজধানীকে ‘বাসযোগ্য’ করতে হলে সবার আগে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন একটি আলোচনা সভার বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 01:55 AM

Updated : 22 Aug 2022, 01:55 PM

পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন আনার কথাও বলেছেন তারা।

বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি আয়োজিত ‘নগর উন্নয়ন ও পরিবেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ মত দেন।

শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা হয়।

সভার মূল বক্তা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের সামনের রাস্তায় সারা বছর পানি থাকে। ওই এলাকার আরও অনেক রাস্তায় এ রকম পানি জমে থাকে। এজন্য বৃষ্টি- বর্ষার দরকার হয় না।

“আমি বিষয়টি সমাধানের জন্য মেয়রকে বললাম, মেয়র বললেন এটা পূর্ত বিভাগের কাজ। পূর্ত বিভাগে যোগাযোগ করলাম, তারা জানালো এই কাজ সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়া হবে। কিন্তু কিছুই হয়নি। এটা এক ধরনের অরাজকতা।

“এই সমন্বয়হীনতা যতদিন থাকবে ততদিন নগরের টেকসই ও পরিবেশসম্মত উন্নয়ন হবে না।”

নগরবাসীর মানসিকতায় পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “যার যেমন ক্ষমতা সে সেইমত দখল করবে, যেখানে যেটা হবার নয় সেখানে সেটা হবে, আর কর্তৃপক্ষ কিছুই বলবে না। আবার যেখানে যা খুশি ফেলে দেব, যে কোনো রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে যাব। অন্যের সমস্যার কথা ভাবব না। এভাবে কোনো সমাজ এগোতে পারে না। সবার আগে ভাবতে হবে- নিজে ভালো থাকতে হলে অন্যকে ভালো থাকতে দিতে হবে।

“এজন্য সামাজিক শুদ্ধি অভিযান দরকার। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজা খাতুন বলেন, “যে কোনো নগরের সুনির্দিষ্ট কাঠামো থাকে। সেখানে কোথায় কী থাকবে, কোন এলাকায় কে বা কারা বসবাস করবে, সবুজ গাছপালা, পানি ইত্যাদি কতটা থাকবে তা নির্দিষ্ট থাকে। এমনকি কোন কোন জায়গায় সর্বোচ্চ কত লোক বসবাস করতে বা কত কলকারখানা হবে তাও নির্দিষ্ট থাকে।

Image
ঢাকায় যানজটের এই চিত্র প্রায়ই দেখা যায়।

ঢাকায় যানজটের এই চিত্র প্রায়ই দেখা যায়।

“কিন্তু আমাদের ক্ষেত্রে পরিকল্পনা হয়, তা বারবার পাল্টায় আর বাস্তবায়নতো হয়ই না। ঢাকা শহরের কোনো কাঠামো নেই। একই এলাকায় বা একই ভবনে একসাথে একাধিক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমরা এতে অভ্যস্ত হয়েছি ঠিকই, কিন্তু এটি কোনো কাঠামোগত নগরীর লক্ষ্মণ না।”

নগরের কাঠামো ঠিক করে তা বাস্তবায়নে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।  

ঢাকা স্কুল অব ইকোনোমিকসের শিক্ষক এ কে এম নজরুল ইসলাম বলেন, “ঢাকা শহরে অতিরিক্ত গণতন্ত্র ভোগ করে জনসাধারণ। কেউ আড়াআড়িভাবে রাস্তা পার হচ্ছে, তাতে হয়ত কয়েকশ’ গাড়ির গতি কমে যাচ্ছে, সেটা নিয়ে তার মাথাব্যথা নেই।

“আবার কোনো গাড়ি এমন জায়গায় দাঁড়াচ্ছে অথবা যাত্রী গাড়িতে ওঠার জন্য হাত উঁচু করছে যেখানে গাড়ি দাঁড়ানোর কথা না। পুলিশ যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। আবার অনেকে মূল সড়কে গাড়ি পার্ক করে রাখছে।

“কেউ হয়ত এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে যে অন্যরা চলতে পারছে না। হাতের ময়লা যে কোনো জায়গায় ফেলে দিচ্ছে। এভাবে চললে কেউ-ই নগরের উন্নতি করতে পারবে না। এজন্য এসব মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে।”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সিকদার বলেন, “রাজধানীতে এতো লোকের সমাগম কেন হচ্ছে তার বের করতে হবে। একইসাথে প্রতিকার করতে হবে। সরকারকে নগরের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”

সরদার সৈয়দ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের অন্যান্যরাও বক্তব্য রাখেন।