২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলশিক্ষার্থীদের ব্যাংক হিসাবের লক্ষ্য নির্ধারণের নির্দেশ 

প্রতিবছর কী পরিমাণ স্কুলপড়ুয়া শিশুর ব্যাংক হিসাব খোলা হবে, তার লক্ষ্য নির্ধারণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 01:51 PM

স্কুল ব্যাংকিংয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক সার্কুলারে।

সব ব্যাংককে নিজেদের একটি করে বার্ষিক লক্ষ্যমাত্রা ঠিক করে ডিসেম্বর মাসের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপকে জানাতে হবে।

নির্দেশনায় বলা হয়, “তফসিলি ব্যাংকের প্রতিটি শাখা বছরে ন্যূনতম একবার তার কর্ম এলাকার মধ্যে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি) সব ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।”

এই কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যেই শুরু করে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য ফি গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সেবা দেওয়ার বিষয়টি ব্যাংকের মাধ্যমে দেওয়ার আগের নির্দেশনাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, “যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং খোলা হবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বিরতিতে (মাসে ন্যূনতম একবার) শিক্ষার্থীদের সঞ্চয় সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ কাউন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে।”

২০১৩ সালের ডিসেম্বরে স্কুল ব্যাংকিং হিসাবের সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৮৩২টি। ২০১৫ এর জুনে সেই সংখ্যা সংখ্যা হয় ৯ লাখ ৪ হাজার ৬৫২টি।

চলতি বছরের মার্চ শেষে ৮ লাখ ৮৬ হাজার ২৭৭টি হিসাবে মোট স্থিতি ছিল ৮২৩ কোটি টাকা, যা জুন ২০১৫ শেষে দাঁড়িয়েছে ৬৭৮ কোটি ৯৯ লাখ টাকায়।

সংখ্যা বাড়লেও স্কুল ব্যাংকিংয়ের হিসাবের প্রবৃদ্ধি কমে যাওয়ায় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সম্প্রতি হতাশা প্রকাশ করে ব্যাংকগুলোকে উদ্যোগী হতে বলেন।  

এই সময়ে স্কুল ব্যাংকিং কার্যক্রমে সবচেয়ে এগিয়েছে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক।