২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম স্কেল-সিলেকশন গ্রেড নিয়ে আশ্বাস মুহিতের

নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 11:46 AM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার পর সরকারি কর্মচারীরা তা বহাল রাখার দাবি জানিয়ে আসছেন।

বৈঠকে মন্ত্রী বলেন, “সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করব।”

গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকরা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়।

অর্থমন্ত্রী বৈঠকে বলেন, “আমি এটুকুই বলতে চাই, এখানে বৈষম্য আছে, সব সমস্যা সমাধান করা যাবে না। একটা ক্যাডার আছে, তাদের ২২ হাজার সদস্য। কিন্তু গ্রেড ১, ২ এবং ৩ এ পদ আছে মাত্র সাতটা। এটা একটা সমস্যা না? কীভাবে পদায়ন করছে, ২২ হাজার লোক ৭ পদে যাবে। এগুলোতো একটু আনফেয়ার।”

বৈঠকে মূল দাবি হিসেবে প্রতিনিধি দলের সদস্যরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিবেচনার কথা বলেন। জবাবে মন্ত্রী বিষয়টি ‘দেখবেন’ বলে আশ্বাস দেন।

পরে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান- কীভাবে তিনি টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি দেখবেন।

জবাবে মন্ত্রী বলেন, “এটা বিবেচনা করা হবে। পে-কমিশন কিছু সুপারিশ করেছে, সেই অনুযায়ী আমরা বলেছিলাম, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকবে না।

“এখন সবার সঙ্গে আলাপ করে এবং আমাদের আরও যারা নীতি নির্ধারক আছেন, আমি একা করি না, এটা কেবল অর্থমন্ত্রী করে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আলাপ করে ঠিক করব।

“এটা রাজনৈতিক মন্ত্রিপরিষদ, স্বাভাবিকভাবে এখানে কেবল প্রধানমন্ত্রীর কাছে গেলে হয় না। আরও অন্যান্য ব্যাপারও আছে।”

এ বিষয়ে একটি সভার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “কয়েকদিন পূর্বেও আমাদের একটা মিটিং হয়েছে, সেখানে আমু সাহেব, তোফায়েল সাহেব, নাহিদ সাহেব ছিলেন। সেই বিবেচনা লাগবে।

“যাদের সঙ্গে আলোচনার দরকার ছিল, এখানে পক্ষদের সঙ্গে আজ আমরা বৈঠক শেষ করলাম। এখন আমাদের নিজেদের মধ্যে আলাপ করে চূড়ান্ত করব।”

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সরকার ‘অনড় অবস্থান’ থেকে সরে এল কিনা- এমন প্রশ্নে মুহিত বলেন, “রিজিড অবস্থানে ছিলাম না। আমি কখনোই কোনো বিষয়ে রিজিড অবস্থানে যাই না। সবকিছুই আলোচনা করে সমাধান করার সুযোগ আছে।”

প্রধানমন্ত্রী দেশে আসার আগেই বিষয়টি চূড়ান্ত করার ইচ্ছা ছিল জানিয়ে তিনি বলেন, “এখন আর সেটা হচ্ছে না। এটা আরেকটু সময় লাগবে।”

তবে ‘যে কোনো পরিস্থিতিতে’ ডিসেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত করতে চান বলে জানান অর্থমন্ত্রী।

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক বাহাউদ্দিন নাছিম, সদস্য সচিব মো. ফিরোজ খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের মহাসচিব মো. মোবারক আলী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মো. আব্দুস সবুর এ বৈঠকে উপস্থিত ছিলেন।