২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরের মধ্যে দারিদ্র্য দূরের স্বপ্ন মুহিতের

আগামী তিন বছর পর বৃদ্ধ, প্রতিবন্ধী ও শরীরের কোনও অঙ্গ হারানো ব্যক্তি ছাড়া বাংলাদেশের বাকি জনসংখ্যার মধ্যে দারিদ্র্য থাকবে না বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবিদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 02:02 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

তিনি বলেছেন, “২০৩০ সালের মধ্যে আমাদের দারিদ্র্য দুরীকরণের লক্ষ্যমাত্রা থাকলেও আমরা আশা করছি, ২০১৮ সালের মধ্যেই আমরা দারিদ্রসীমার উপরে উঠব।

“২০১৮ সালের পরে দেশে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শরীরের কোনো অঙ্গ হারানো লোক ছাড়া বাকি জনসংখ্যার মধ্যে দরিদ্রতা থাকবে না।”

মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সরকারি ক্রয় সংক্রান্ত ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেনন মুহিত।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিউ) বিশ্ব ব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় তিন দিনের এ সম্মেলন আয়োজন করে। সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার আট দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী বলেন, বিগত ৫/৬ বছর পর্য়ন্ত উন্নত বিশ্বে অর্থনৈতিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে তার প্রভাব পড়েনি। যথাযথ ও উন্নত ব্যবস্থাপনার কারণেই তা সম্ভব হয়েছে।

“বিশ্বমন্দার মধ্যেও আমাদের রপ্তানি ও আভ্যন্তরীণ চাহিদা দুটোই বেড়েছে। ভালো ব্যবস্থাপনার কারণেই এটা সম্ভব হয়েছে।”

বাংলাদেশে সফটওয়্যার খাতেও ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেন মুহিত।

তিনি বলেন, আধুনিক সরকারের সঙ্গে গণখাতে ক্রয় কার্যক্রম খুবই গুরুত্বপুর্ণ। সরকারি সব ক্রয় যত বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে ততই উন্নতি ত্বরান্বিত হবে।

এ জন্য কার্যকর কৌশল হিসেবে অনলাইনে ক্রয় ব্যবস্থাপনার উপর জোর দেন অর্থমন্ত্রী।

“শিগগির আমরা সকল সরকারি ক্রয় ইলেক্ট্রনিক পদ্ধতিতে করতে পারব বলে আশা করছি। তা করতে পারলে সরকারি সকল টেন্ডারিং ও ক্রয় কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোহাম্মদ শহীদউল্লা খন্দকার বলেন, সরকারি ক্রয়ে দিন দিন উন্নতি হচ্ছে। সব ক্রয় ইলেক্ট্রনিক পদ্ধতিতে করা সম্ভব হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন কাইমস বলেন, বর্তমানে বাংলাদেশের মাত্র ৩০ ভাগ সরকারি ক্রয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে হচ্ছে। বাকি ৭০ শতাংশই বাইরে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।