২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের কাজে লাগাতে হবে: বিশ্ব ব্যাংক

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য তরুণ জনশক্তিকে পুরোপুরি কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কাইল পিটার্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 11:20 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর ২০ লাখের মতো তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করছে জানিয়ে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন পিটার্স।

এজন্য শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি অবকাঠামোগত বাধা দূর, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

Image
ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে কাইল পিটার্স।

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে কাইল পিটার্স।

দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার আগে পিটার্স বলেন, “বাংলাদেশের মানুষ দেখে আমি অভিভূত হয়েছি। জীবনে পরিবর্তন আনতে এবং সন্তানদের জন্য উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য তারা বদ্ধ পরিকর। সঠিক কর্মকৌশল বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে নেতৃত্বশীল দেশ হতে পারে।”

বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারে বিশ্ব ব্যাংকের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে পিটার্স বলেন, এই প্রচেষ্টা উন্নতির ধারাকে দেশের আরও মানুষের মাঝে ছড়িয়ে দেবে।

“বাংলাদেশে অব্যাহতভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। গত এক দশকে দেশটিতে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে।

“আরও উন্নতির জন্য বাংলাদেশকে আরও টেকসই সংস্কার করতে হবে। বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি আরও তরান্বিত করতে এবং সব নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

সফরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন পিটার্স। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

পুরনো খবর:

ঋণের ‘সুদহার’ বাড়াতে চায় বিশ্ব ব্যাংক