২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ নিয়ে ‘মধুর সমস্যায়’ গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২৭ বিলিয়ন ডলার ছাড়ানোকে মধুর সমস্যা বলেছেন গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

“অনেক দেশ ঘাটতির সমস্যায় থাকে। কিন্তু আমরা আছি মধুর সমস্যায়, উদ্বৃত্তের সমস্যায়। এটি অত্যন্ত সুখের কথা।”

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ২ হাজার ৭০০ কোটি ডলার ছাড়ানোর পর সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান আতিউর।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

গত বছরের এই দিনে রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ২৭ বিলিয়ন ডলার। এ হিসাবে এক বছরে রিজার্ভ বেড়েছে ২১ দশমিক ৫ শতাংশ।

রিজার্ভের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। বর্তমান রিজার্ভ দিয়ে আট মাসেরও অধিক সময়ের আমদানি দায় পরিশোধ করা সম্ভব বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

গত কয়েক বছর ধরে রিজার্ভ বৃদ্ধির ধারাকে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার দিক হিসেবে তুলে ধরছেন আতিউর রহমান।

তবে এর বিপরীত মতও রয়েছে অর্থনীতিবিদদের; যারা বলছেন, বৈদেশিক মুদ্রার এই সঞ্চয়ন উৎপাদনে কাজে আসছে না।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিজার্ভ ‘বালিশের নিচে’ থাকার মতো অবস্থা হয়েছে। এটা উৎপাদনমুখী কোনো কাজে আসছে না।

“যেটা কোনো কাজে আসে না, সেটা বেশি থেকেই বা লাভ কী?”

গভর্নর বলেন, “আমাদের আমদানি বাড়ছে, তারপরও বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে। কারণ রপ্তানি ও রেমিটেন্স বাড়ছে। আমার মনে হয় বৈদেশিক বিনিয়োগও বাড়ছে। যার হয়ত পুরোটা (কী পরিমাণ বিনিয়োগ আসছে তার প্রকৃত তথ্য) আমরা ধরে (নির্ণয় করা) উঠতে পারছি না।”

রিজার্ভ বৃদ্ধির কয়েকটি কারণ উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক, এর মধ্য রেমিটেন্স ও আন্তর্জাতিক বাজারে তেলের দরের অধোগতির সঙ্গে কয়েকটি পদক্ষেপ নেওয়াকেও কারণ দেখিয়েছে তারা।  

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় থাকায় এবং রপ্তানি সহায়তা তহবিলের (ইডিএফ) পরিমাণ বৃদ্ধি ও এর ব্যবহারের আওতা সম্প্রসারণ করায় এবং রপ্তানিকারকদেরকে সরকারের বিভিন্ন প্রণোদনার ফলে রপ্তানি আয় বেড়েছে এবং তা রিজার্ভে অবদান রেখেছে।

সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং বেসরকারি খাতে বিদেশি উৎস হতে অর্থায়ন গ্রহণের পরিমাণ বাড়ার কথাও বলছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া তৈরি পোশাক শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজ (পশ্চাৎসংযোগ শিল্প) স্থানীয় কাঁচামালের উল্লেখযোগ্য জোগান দেওয়া সম্ভব হওয়ায় বিদেশি উৎস হতে এ ধরনের পণ্যের আমদানি কমাকেও কারণ দেখানো হয়েছে।

পুরনো খবর:

রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে