‘কানেক্টিভিটি’ বাড়াতে এডিবির সঙ্গে ঋণচুক্তি
বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সড়ক ও রেল যোগাযোগ বাড়াতে ৩ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা; পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরের জন্য ২ শতাংশ সুদে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।
সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি ঋণচুক্তি হয়।
চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবি’র আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি স্বাক্ষর করেন।
এ সময় ইআরডি সচিব সাংবাদিকদের বলেন, “দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ (কানেক্টিভিটি) বাড়াতে ‘সাবরিজিওনাল ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ শীর্ষক প্রকল্প চলমান রয়েছে।
“বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সড়ক ও রেলযোগাযোগ বাড়ানোর প্রস্তুতি হিসেবে এই কারিগরি প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি জানান, ওই প্রকল্পের অতিরিক্ত অর্থায়ন হিসেবে তিন কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন রয়েছে। এরমধ্যে ৩ কোটি ডলার দিচ্ছে এডিবি; বাকি ৬০ লাখ ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার এশিয়ান হাইওয়ে, পদ্মাসেতুর ওপর দিয়ে যাওয়া রেল লাইন ও বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি রেল সেতু তৈরি করে তা প্রতিবেশী দেশ পর্যন্ত বিস্তৃত করতে চায়।
একই সঙ্গে ঘুমদুম পর্যন্ত রেল লাইন স্থাপনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে কানেক্টিভিটি নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের।
সচিব জানান, এসব প্রকল্প কীভাবে পরিচালনা করা হলে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে তার জন্য সমীক্ষার প্রয়োজন; এ জন্যই মূলত এডিবির কাছ থেকে এই ঋণ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে সমীক্ষা পরিচালনা ও নকশা প্রণয়নে মূলত এ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন এডিবি প্রতিনিধি।
তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
