প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানার ওপর গুরুত্ব আরোপ করেছে বিশ্বব্যাংক।
তারা বলছে, প্রতিবছর কর্মক্ষেত্রে যে ২০ লাখ তরুণ প্রবেশ করছে তাদের কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য বিশেষত দক্ষিণ ও পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ।
‘ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্ট্যাডিজ’ শিরোনামে বুধবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং নীতি প্রণয়নের জন্য একটি রূপকল্প দিয়েছে বিশ্বব্যাংক।
নতুন বাজার খোঁজা এবং পণ্যের বহুমুখীকরণের পরামর্শ দেওয়া হয়েছে এতে।
রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের বৈচিত্র্যের দিকে নজর দেওয়ার পাশাপাশি বৃহত্তর রপ্তানি ঘাঁটি তৈরি, শ্রমিক ও ভোক্তার কল্যাণ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে প্রতিবেদনে।
রপ্তানিকারকরা যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্ববাজারে ‘ভালো’ করতে পারেন সেজন্য তাদের সহযোগিতা করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সাল থেকে ২০১২ সালের মধ্যে বিশ্ববাজারে বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারিত্ব দ্বিগুণ হয়েছে। মূলত তৈরি পোশাক রপ্তানিতে শক্তিশালী অবস্থানের কারণে তা হয়েছে। ২০০৯ সালের পর থেকে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পর বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এরপরেও রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও তৈরি পোশাক খাত সম্প্রসারণে বাংলাদেশের সুযোগ রয়েছে বলে বিশ্বব্যাংক মনে করছে।
দৃষ্টান্ত হিসেবে তারা বলেছে, চীন বর্তমানে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করছে তার ২০ শতাংশ যদি বাংলাদেশ দখলে নিতে পারে তাহলে দেশের রপ্তানি ২৯ বিলিয়ন ডলার বেড়ে দ্বিগুণেরও বেশি হবে। এতে সরাসরি ৫৪ লাখ নতুন সরাসরি কর্মসংস্থান এবং ১ কোটি ৩৫ লাখ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
“বাংলাদেশি শিল্পকারখানাগুলো পোশাকখাতে বেশ ভালো করেছে এবং তারা পাট নির্ভর শিল্প, জুতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ নির্মাণ, ওষুধ তৈরি ও বাইসাইকেলসহ অন্যান্য হাল্কা শিল্পেও প্রতিযোগিতায় ভালো করতে পারে।”
ওষুধ শিল্প, বাইসাইকেল ও জাহাজ নির্মাণের মতো প্রযুক্তিনির্ভর খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
“‘কম ব্যবহৃত’ বাজার ধরতে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিবেশী ভারত ও চীনের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য এশীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও বাড়াতে হবে,” বলা হয়েছে প্রতিবেদনে।
এজন্য শিল্পখাত সংশ্লিষ্ট বাধাগুলো দূর করার পরার্শ দিয়ে এতে বলা হয়, কারখানা স্থাপনের জন্য পর্যাপ্ত জমি, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, চট্টগ্রাম সমুদ্রবন্দর, ঢাকা-চট্টগ্রাম সড়ক ও রেল করিডর, স্থল ও নৌ বন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স এবং আর্থিক লেনদেন সহজ করতে হবে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া বলেন, “ভারসাম্যমূলক বাণিজ্য নীতি নতুন রপ্তানি খাত সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা গড়ে তুলতে সহায়তা করবে।”
তরুণদের মৌলিক শিক্ষার পাশাপাশি রপ্তানি শিল্প সংশ্লিষ্ট উৎপাদনের জন্য প্রয়োজনীয় কারিগরি শিক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
“অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য দূর করতে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ খুঁজতে বাংলাদেশের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার,” বলা হয়েছে প্রতিবেদনে।
