২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের জন্য সরকারের ৩২ কোটি টাকার সহায়তা

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন এবং উন্নত ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে ৩২ কোটি টাকার বেশি খরচ করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 03:57 PM

Updated : 12 Oct 2022, 04:15 PM

এর মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২ জেলার দুই লাখ ২২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ২০ কোটি ৭৫ লাখ সাত হাজার ৫০০ টাকার বীজ, রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হবে।

এছাড়া উন্নত জাতের ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে আরো ১২টি জেলার এক লাখ ৭১০ জন কৃষককে ১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, এই দুই কর্মসূচিতে সরকারের ৩২ কোটি ৪৯ লাখ টাকার বেশি খরচ হবে।

পুরো অর্থের জোগান মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে বলে জানান তিনি।

Image
মতিয়া চৌধুরী (ফাইল ছবি)

মতিয়া চৌধুরী (ফাইল ছবি)

কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, পাবনা, নওগাঁ, নাটোর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার চাষীদের জন্য গম, ভুট্টা, সরিষা ও আলু আবাদে পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে।

“গম, ভুট্টা ও সরিষা চাষাবাদে পরিবারপ্রতি সর্বোচ্চ এক বিঘা এবং আলু চাষাবাদে পরিবারপ্রতি সর্বোচ্চ ১০ শতক জমির জন্য বিনামূল্যে বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।”

পুনর্বাসন কর্মসূচি থেকে ২১০ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকা আয় হবে বলে জানান।

কৃষিমন্ত্রী জানান, যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও গোপালগঞ্জের কৃষকদের গম, ভুট্টা, খেসারি, ফেলন এবং গ্রীষ্মকালীন মুগ চাষে দেওয়া হবে আর্থিক প্রণোদনা।

এই কর্মসূচি থেকে সরকারের ১০৭ কোটি ২৩ লাখ ৬৬ হাজার ৪৩৩ টাকা আয় হবে বলে জানান তিনি।