২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নোট নিতে লাগবে আঙ্গুলের ছাপ

কোরবানির ঈদকে সামনে রেখে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 10:04 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

একজন যাতে একবারের বেশি নতুন টাকা নিতে না পারে সেজন্য প্রথমবারের মতো আঙ্গুলের ছাপ নেওয়া হবে। আর একজন গ্রাহক নিতে পারবেন সর্বোচ্চ তিন হাজার ৭০০ টাকার নোট।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ সব তথ্য জানান।

তিনি বলেন, “১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ব্যাংকের সব অফিস এবং কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা অফিস থেকে নতুন টাকা পাওয়া যাবে।

“ঈদকে সামনে রেখে নতুন টাকা সংগ্রহ করতে হলে এবার গ্রাহককে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। একজন যাতে একাধিকবার নতুন টাকা নিতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া।”

তিনি বলেন, এবার ২৫ হাজার কোটি নতুন টাকা মজুদ রাখা হয়েছে। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ হাজার ৭০০ নতুন টাকা নিতে পারবেন। এর মধ্যে ২০ টাকা, ১০ টাকা, ৫ টাকা ও ২ টাকার ১০০ পিস করে নোট নিতে পারবেন।

পাশাপাশি জাল নোট শনাক্ত করতে পশুর হাটের আশপাশে ৪৫০টি মেশিন বসানো হবে বলেও জানান ডেপুটি গভর্নর।

নাজনীন সুলতানা বলেন, ঈদকে সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোতে জালনোট প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতটি, দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি এবং সিটি করপোরেশনের বাইরের ৩টি হাটসহ মোট ২০টি হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হবে।

হাট শুরুর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের জন্য ৩৯টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকার বাইরের জেলাগুলোতে যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস আছে এবং অন্যান্য স্থানে সোনালী বাংক জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সকল জেলা ও উপজেলা পর্যায়ে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের ব্যবস্থা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিস ছাড়াও ঢাকায় অবস্থিত ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, দ্য সিটি ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকের কাওরান বাজার, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার, ব্যাংক এশিয়া পল্টন, ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, রূপালী ব্যাংকের মহাখালী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, জনতা ব্যাংকের নিউ মার্কেট, পূবালী ব্যাংকের সদরঘাট, বেসিক ব্যাংকের শান্তিনগর, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংক বাংলাদেশের শ্যামলী, ডাচ-বাংলা ব্যাংক দক্ষিণখানের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার, মার্কেন্টাইল ব্যাংকের বনানী এবং যমুনা ব্যাংক ধানমন্ডি শাখার মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।