২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ব্যাংকের মতো বেসরকারি সংস্থা (এনজিও) ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোকেও (এনপিও) জাতিসংঘ বা বাংলাদেশ সরকারের নিষিদ্ধঘোষিত সংগঠন ও ব্যক্তির হালনাগাদ তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 06:33 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।

ওই সার্কুলারে বলা হয়, “এসব প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তাকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও রেকর্ড সংরক্ষণ করতে হবে।”

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক সন্ত্রাস, সন্ত্রাসী কাজে অর্থায়ন বা ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বিস্তারে অর্থায়নে জড়িত সন্দেহে তালিকাভুক্ত কোন ব্যক্তি বা সত্ত্বা থেকে কোন ঋণ বা অনুদান নেওয়া বা দেওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয় ওই সার্কুলারে।

এছাড়া কোন গ্রাহকের লেনদেন বা কার্যক্রম সন্দেহজনক হিসেবে বিবেচিত হলে তা জানাতে বলা হয়েছে।

সার্কুলারে এনজিও বা এনপিওর পরিচালনা পর্ষদ, বোর্ড অব ট্রাস্টি বা সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিকে অনুমোদিত মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নীতিমালা করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

“এনজিওতে এক লাখ টাকা বা তার বেশি পরিমাণের অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে হবে। কোন কারণে ব্যতিক্রম হলে এনজিওর নিজস্ব কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।”

প্রতিষ্ঠানগুলোর সুবিধাভোগী, টার্গেট গ্রুপ, ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের মধ্যে যারা এক বছরে ২০ হাজার টাকার বেশি নগদ অর্থ, পণ্য বা সেবা নিয়েছে তাদের সঠিক ও পূর্নাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) সংরক্ষণের নির্দেশনা রয়েছে ওই সার্কুলারে।