ছেড়া নোট না নিলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
ছেড়া নোট ও ধাতব মুদ্রার পাশাপাশি ছোট-বড় সব ধরনের নোট নিতে ব্যাংকগেুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংকের বিরুদ্ধে কোনো ধরনের নোট ও মুদ্রা গ্রহণে অনীহার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
২০১৪ সালের ২১ জুলাই এক পরিপত্রে ব্যাংকগুলোকে সকল প্রকার নোট গ্রহণ এবং ছেড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময় মুল্য দেওয়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ধাতব মুদ্রা সরবরাহের নির্দেশও দেওয়া হয় ওই পরিপত্রে।
সোমবারের সার্কুলারে এ বিষয়টি উল্লেখ করে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রে অভিযোগ এসেছে, ব্যাংকগুলো ছোট নোট বিশেষকরে ২, ৫ ও ১০ টাকার নোট নিতে চাচ্ছে না। এমনকি ছেড়া-ফাটা ও ময়লা নোটও পাল্টে দিতে চাচ্ছে না।
“এতে জনসাধারণ লেনদেনে বিড়ম্বনার শিকার হচ্ছে, যা তাদের স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে।”
বাংলাদেশ ব্যাংক নতুন সার্কুলারে বলেছে, “জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে তাদের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সকল প্রকার নোট গ্রহণ, বিধি মোতাবেক ছেড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান, ধাতব মুদ্রা গ্রহণ এবং বিতরণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হলো।”
নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
