২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্যতা যাচাই করে প্রকল্প পরিচালক নিয়োগ হবে: মন্ত্রী

সরকারের বিভিন্ন প্রকল্পে পরিচালক নিয়োগের আগে কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ‘যোগ্যদের’ নিয়োগ দেওয়া হবে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 11:02 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন ও উন্নয়ন একাডেমির (এনএডিপি) ৩৩ তম বোর্ড অব গভর্নরস সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “প্রকল্প পরিচালক নিয়োগে এখন থেকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে প্রকল্প পরিচালক হতে আগ্রহী কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ আছে কি না তা খতিয়ে দেখা হবে।”

এ বিষয়ে গত বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ সচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের গতি বাড়াতে উন্নয়ন পরিকল্পনা একাডেমিকে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, “বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শতভাগ বাস্তবায়ন সহায়ক উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রকল্প পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধিতে আরও প্রশিক্ষণের ব্যবস্থা নিতে আমি এনএডিপিকে নির্দেশ দিচ্ছি।

“প্রকল্প বাস্তবায়নে জড়িত এসব কর্মকর্তাদের সক্ষমতা না বাড়ালে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ ভালোভাবে হবে না। ফলে প্রকল্প বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে।”

এনএডিপির বোর্ড অব গভর্নরসের সদস্য ও এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বক্তব্যে কর্মকর্তাদের প্রকল্প পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দিয়ে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মেজবাহ উদ্দিন বলেন, “শুধু সরকারি কর্মকর্তাদেরই প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে-এর কোনো মানে নেই। বিশ্বায়নের এ যুগে আমরা আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে পারি।”

অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, “প্রকল্প পরিচালক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করা। অপরদিকে এনএডিপির উচিত প্রশিক্ষণ দিয়ে প্রকল্প পরিচালক তৈরি করা।”

শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, “প্রকল্প বাস্তবায়ন ঠিক মত না হওয়ার অন্যতম কারণ নিম্নমানের প্রকল্প প্রস্তাবনা। একটি প্রকল্প ৫ বছর ধরে বাস্তবায়নের কথা থাকলেও তৈরি করা হয় মাত্র একমাসে। সঠিক যাচাই-বাছাই ছাড়া প্রকল্প প্রস্তাব তৈরি করা হয় বলে বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়।”

এনএডিপির মহাপরিচালক কেএম মোজাম্মেল হকের সঞ্চালনায় আইএমইডির সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, আইসিএবিএর সভাপতি বিআইডিএসের মহাপরিচালক উপস্থিত ছিলেন।