নারী উদ্যোক্তাদের জন্য ‘ফ্রাইডে মার্কেট’ চালুর পরামর্শ
ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রির জন্য ‘ফ্রাইডে মার্কেট’ চালুর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এজন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর এসএমএই শাখা ও নারী উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দকে সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আলোচনা করে স্থান নির্ধারণের প্রস্তাব দেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ‘নারী উদ্যোক্তা সম্মেলন ২০১৫’ এ পরামর্শ দেন গভর্নর।
তিনি বলেন, “অনেক দেশেই সপ্তাহান্তে ‘সানডে মার্কেট’ নামে এসএমই উদ্যোক্তাদের জন্য বাজার বসানো হয়। কিন্তু আমাদের দেশে শুক্রবার বন্ধের দিন হওয়াই ‘ফ্রাইডে মার্কেট’ নামে এসএমই উদ্যোক্তা বাজার করা যায়।”
এ বিষয়ে ঢাকার দুই মেয়রের সঙ্গে আলোচনা করে জায়গা নির্ধারণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর এসএমই শাখা ও নারী উদ্যোক্তা সংগঠনের নেতাদের পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের কর্মীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক সেবা বিষয়ে তাদের যে কোনো অভিযোগ সহজে পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তুলুন।
দেশের ৬৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে চলতি বছরে এ পর্যন্ত এক হাজার ১৪ জন আগ্রহী নারী উদ্যোক্তাকে নির্বাচন করেছে বলে জানান তিনি।
এটাকে ‘আশাব্যঞ্জক নয়’ মন্তব্য করে গভর্নর বলেন, “এ বছর আমাদের নয় হাজার ব্যাংক শাখায় ন্যূনতম ২৭ হাজার উদ্যোক্তা নির্বাচিত হবে এবং ন্যূনতম নয় হাজার নতুন নারী উদ্যোক্তা ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত হবে।”
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী জানান, ২০১৫ সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সব ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ৮০ হাজার ৩৭০ জন নারী উদ্যোক্তার মধ্যে ৮৮৬ কোটি ৭৩ লাখ টাকা ঋণ বিতরণ করেছে।
আগের পুরো ৪২ হাজার ৭৩০ জন নারী উদ্যোক্তাদের অনুকূলে ৩ হাজার ৯৩৮ কোটি ৭৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আসাদ খান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
