Published : 04 Jan 2026, 09:15 PM
বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে দেশের রপ্তানি আয় ১৪ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ার তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এ নিয়ে চলতি অর্থবছরে ছয় মাসের মধ্যে ৫ মাসই রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখল দেশের অর্থনীতি।
রোববার হালনাগাদ তথ্য প্রকাশ করে ইপিবি বলেছে, গত ডিসেম্বরে রপ্তানি আয় ছিল ৩৯৬ কোটি ৮২ লাখ ডলার।
২০২৪ সালের ডিসেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৪৬২ কোটি ৭৪ লাখ ডলার। সেই হিসাবে রপ্তানি আয় কমেছে ১৪ দশমিক ২৫ শতাংশ।
গত ছয় মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৯ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলার।
ছয় মাসের হিসাবে রপ্তানি কমেছে ৫৩ কোটি ৬৬ লাখ ডলার বা ২ দশমিক ১৯ শতাংশের মতো।
ইপিবির হিসাব বলছে, গেল মাসে তৈরি পোশাক খাতে পণ্য রপ্তানি হয় ৩২৩ কোটি ৪১ লাখ ডলারের, যা এক বছর আগের তুলনায় ১৪ দশমিক ২৩ শতাংশ কম।
২০২৪ সালের ডিসেম্বরে তৈরি পোশাক খাতে রপ্তানি হয় ৩৭৭ কোটি ডলারের পণ্য।
খাতভিত্তিক রপ্তানি আয়ে দেখা যায়, গত ডিসেম্বরে কৃষি খাতে সবচেয়ে বেশি, ২৭ দশমিক ৫৬ শতাংশ আয় কমেছে। এ খাত থেকে আসে ৭ কোটি ২৫ লাখ ডলার, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১০ কোটি ডলার।
অন্যদিকে গেল মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ৪ দশমিক ৪১ শতাংশ।
ডিসেম্বরে এ খাতে রপ্তানি হয় ৭ কোটি ২৩ লাখ ডলারের পণ্য, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ৭ কোটি ৫৬ লাখ ডলার। বছরের ব্যবধানে এ খাতে রপ্তানি কমল ৩৩ লাখ ৪০ হাজার ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৩৫০ কোটি ডলার।
চলতি অর্থবছরে রপ্তানি আয়ে ২৪ দশমিক ৭৬ শতাংশ গত জুলাই মাসে। এরপর থেকে শুরু হয় নিম্নমুখী প্রবণতা।
গত অগাস্টে ২ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ৪ দশমিক ৬১ শতাংশ, অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ ও নভেম্বরে রপ্তানি আয় কমে যায় ৫ দশমিক ৫৪ শতাংশ।
সবশেষ অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৮২৮ কোটি ডলার।