ইআরএফের পুরস্কার পেলেন ১২ সাংবাদিক
আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১২ সংবাদকর্মী।
দেশের অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা সংবাদকর্মীদের মধ্যে আটটি ক্যাটাগরিতে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
‘সামষ্টিক অর্থনীতিতে’ পুরস্কার পেয়েছেন তিনজন। পত্রিকা ক্যাটাগরিত ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, অনলাইনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ আলম খান এবং টেলিভিশনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আলম শাওন পুরস্কার পান।
‘পুঁজিবাজার’ ক্যাটাগরিতে দুজনের মধ্যে প্রিন্টে ও অনলাইনে দৈনিক প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন এবং টেলিভিশনে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন পুরস্কার পান।
ব্যাংক ও বিমা ক্যাটাগরিতে প্রিন্ট ও অনলাইনে দৈনিক বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মৌসুমি ইসলাম ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব তনু মিলে একটি পুরস্কার পান; টেলিভিশনে পেয়েছেন নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামান।
অনুসন্ধানী ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে পুরস্কার পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। এছাড়া বেসরকারি খাত ক্যাটাগরিতেও প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে দুজনকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়।
কৃষি অর্থনীতি ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব তনু এ পুরস্কার পান। রাজস্ব খাত ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ কাজল পুরস্কার পান।
অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের, চিফ কমিউনিকেশন অফিসার মাহফুজ সাদিক, ইআরএফ সভাপতি শারমিন রিনভী এবং সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
