কারি লাইফের জমজমাট আয়োজনে ৪১ পুরস্কার
অনুষ্ঠানের শুরুতে তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেল যুক্তরাজ্যভিত্তিক কারি ও দক্ষিণ এশীয় খাবারের রেস্তোরাঁ শিল্পের পুরস্কার কারি লাইফ অ্যাওয়ার্ডসের ১৭তম আসর।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ম্যাফেয়ার এলাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে ‘বর্ষসেরা রেস্তোরাঁ’ ক্যাটাগরিতে ১৯টি পুরস্কার, ‘বর্ষসেরা কারি শেফ’ ক্যাটাগরিতে ৭টি, ‘বর্ষসেরা টেকঅ্যাওয়ে’ ক্যাটাগরিতে ১০টি ও ‘এডিটরস চয়েস অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে ৫টি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
‘কারি লাইফ’ সাময়িকীর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, খালিদীর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতে শূন্যতা তৈরি হয়েছে।
“কারি লাইফ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর। তিনি লন্ডনের একটি হোটেলে অবস্থান করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে শুক্রবার তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন।”
বিবিসির উপস্থাপক জন কে ও লাক্সমি গোপালের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রেন্ট ইস্ট আসনের এমপি ডন বাটলার। উপস্থিত ছিলেন ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, টনটনের এমপি গিডিওন অ্যামোস ওবিই, লেস্টারের এমপি শওকত আদম ও বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী।
অনুষ্ঠানে জানানো হয়, হাজারো ভোক্তা তাদের প্রিয় রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে ও শেফের পক্ষে ভোট দেন। এরপর বিচারকদের মূল্যায়নে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা ও বিজয়ী নির্বাচন করা হয়।
এ বছরের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে—ব্রাইটন থেকে বোল্টন, টনটন থেকে টিসসাইড; অর্থাৎ যুক্তরাজ্যের নানা শহরের সেরা কারি রেস্তোরাঁ ও শেফরা।
১৭তম বারের মতো এ পুরস্কার দিয়ে আসছে কারি লাইফ মিডিয়া গ্রুপ। এর প্রকাশনা ‘কারি লাইফ’ সাময়িকী ব্রিটেনে কারি শিল্প নিয়ে কাজ করে আসছে।
‘কারি লাইফ’ সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, “যুক্তরাজ্যের কারি শিল্পে দেশের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ উদ্যোক্তাদের অনেকেই কাজ করছেন।
“আমরা আনন্দিত যে তাদের কঠোর পরিশ্রমে অর্জিত সাফল্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি প্লাটফর্ম দিতে পারছি, যাতে তারা আরও এগিয়ে যেতে পারেন। ব্রিটিশ কারি শিল্প আবারও নিজেদের গৌরবময় অবস্থান প্রমাণ করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী ও কোবরা বিয়ারের প্রতিষ্ঠাতা লর্ড করণ বিলিমোরিয়া সিবিই।
তিনি বলেন, “কারি শিল্প ব্রিটেনের অর্থনীতি, সংস্কৃতি ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
“এটি ব্রিটেনের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করে এবং অসাধারণ খাবারের প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে সবাইকে একত্রিত করে।”
করণ বিলিমোরিয়া বলেন, “কারি লাইফ অ্যাওয়ার্ডস সেইসব রেস্তোরাঁ উদ্যোক্তা, শেফ ও দলের অসাধারণ প্রতিভা, নিষ্ঠা ও উদ্যোগকে স্বীকৃতি দেয়, যাদের কঠোর পরিশ্রম এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
“তাদের অর্জন উদ্যাপন এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে এই পুরস্কার ব্রিটেনের কারি শিল্পের শক্তিশালী ও উচ্চাভিলাষী ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।”
এবারের আয়োজনের পৃষ্ঠপোষক ছিল কোবরা বিয়ার, ওয়ার্ক পারমিট ক্লাউড, মিলগো ও হিলসাইড ট্রাভেলস।
বর্ষসেরা রেস্তোরাঁ
• দিলরাজ রেস্টুরেন্ট—ব্রিজনর্থ, শ্রপশায়ার
• রয়্যাল মাসালা—কিংসউইনফোর্ড, ডাডলি
• দ্য বোম্বে সোয়ানলি—সোয়ানলি, কেন্ট
• ইভসহাম বালতি—উর্সেস্টারশায়ার
• দ্য ভাইসরয়—নিউহ্যাভেন, ইস্ট সাসেক্স
• জালাপারি অব উডলি—উডলি, রিডিং
• চৌরঙ্গী ইন্ডিয়ান কুইজিন—প্যাচাম, ব্রাইটন
• কিংস লিন তান্দুরি—কিংস লিন, নরফোক
• কাভালি—স্টোন, স্ট্যাফোর্ডশায়ার
• লাসানি সাউথওয়েল—সাউথওয়েল, নটিংহ্যামশায়ার
• চিলি’স রেস্টুরেন্ট—ওয়েমাউথ, ডরসেট
• স্পাইস হেভেন— হুইটচার্চ, শ্রপশায়ার
• সিটন তান্দুরি— সিটন ক্যারু, হার্টলপুল
• ডা মাউন্ট গুর্খা—ওয়াটারলু, লিভারপুল
• মালিহা অ্যান্ড তাজ বাঙালি অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট—টনটন, সমারসেট
• স্পাইস ভিলেজ—নিউ অ্যাশ গ্রিন, কেন্ট
• আরিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট—ওয়াটফোর্ড, হার্টফোর্ডশায়ার
• মনসুন রেস্টুরেন্ট—হলিউড, বার্মিংহাম
• স্পাইস মাস্টার—টাইলহার্স্ট, রিডিং
বর্ষসেরা কারি শেফ
• গয়াস উল্লাহ—কুইন্স হেড রেস্টুরেন্ট, ব্রেটফোর্ড, রাগবি
• আবদুল মালিক—সাফরন, লিক, স্ট্যাফোর্ডশায়ার
• শামসুল মিয়া—সিনামন লাউঞ্জ, হরবেরি, ওয়েকফিল্ড
• মোশাহিদ আলী (রাজ)—নাজ ইন্ডিয়ান কুইজিন, হেস্কেথ ব্যাংক, প্রেস্টন
• সৈয়দ উসমানি—ইন্ডিয়ান কুইন টেকঅ্যাওয়ে, রাগবি, স্ট্যাফোর্ডশায়ার
• আবদুল মিয়া—প্রিন্স অব ইন্ডিয়া, ফ্যাভারশাম, কেন্ট
• সামির দেশাই—দ্য ব্রডওয়ে বার অ্যান্ড গ্রিল, লেস্টার
বর্ষসেরা টেকঅ্যাওয়ে
• তাজ মহল নাইট—চেমসফোর্ড, এসেক্স
• ক্লে ওভেন টেকঅ্যাওয়ে—সাউথ ড্যাগেনহ্যাম, এসেক্স
• হেনলো তান্দুরি—হেনলো, বেডফোর্ডশায়ার
• লিটল ইন্ডিয়া—বোল্টন, গ্রেটার ম্যানচেস্টার
• বে-লিফ টেকঅ্যাওয়ে—হুইটস্টোন, লন্ডন
এডিটর’স চয়েস অব দ্য ইয়ার
• সারে প্যালেস—ইওয়েল, সারে
• লালা’স রেস্টুরেন্ট—লিডস/ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার
• মনসুন ম্যাজেস্টিক ইন্ডিয়ান ডাইনিং—নিউক্যাসল-আন্ডার-লাইম, স্ট্যাফোর্ডশায়ার
• রিভারসাইড স্পাইস—কোললচেস্টার, এসেক্স
• ডাউনহ্যাম তান্দুরি—ডাউনহ্যাম মার্কেট, নরফোক
• চেন্নাই ইন্ডিয়ান কুইজিন— লিক, স্ট্যাফোর্ডশায়ার
• সেলিব্রিটিজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট—কার্ডিফ
• দ্য এবারডেইল পাব অ্যান্ড গ্রিল—উইগস্টন, লেস্টার
• আমনি চেস্টার—চেস্টার
• আই-নাগা রেস্টুরেন্ট—ওয়েস্ট উইকহ্যাম
