১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

বিএনডব্লিউএলএর পুরস্কার পেলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের মাছুম কামালসহ ৪ সাংবাদিক

মানবপাচারের ঝুঁকিতে থাকা দেশগুলোতে বাংলাদেশিদের যাওয়া নিয়ে প্রতিবেদন করে এ পুরস্কার পেয়েছেন মাছুম কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 07:27 PM

Updated : 18 Oct 2026, 07:36 PM

অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে সাংবাদিকদের তথ্যবহুল এবং অনুসন্ধানী সংবাদ ও প্রতিবেদনের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৪ সাংবাদিক।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মাছুম কামালও রয়েছেন। মানবপাচারের ঝুঁকিতে থাকা দেশগুলোতে বাংলাদেশিদের যাওয়া নিয়ে প্রতিবেদন করে এ পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কার পাওয়া বাকি তিন সাংবাদিক হলেন- চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহেরীন আরাফাত ও ঢাকা স্ট্রিমের নিজস্ব প্রতিবেদক তৌফিক হাসান।

রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে রোববার আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মনিটরিং সেলের পরিচালক নাজমুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গত ৯ অক্টোবর ‘মানবপাচারের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১০ দেশে গেছে ৪১ হাজারের বেশি বাংলাদেশি’ শিরোনামে মাছুম কামালের প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে ঝুঁকি নিয়েও কীভাবে এসব বাংলাদেশি ওই দেশগুলোতে পৌঁছালেন সে প্রশ্ন সামনে আনা হয়।

বিএনডব্লিউএলএর সভাপতি সিমা জাহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনডব্লিউএলএর প্রোগ্রাম ডিরেক্টর আশরাফুল হক, প্রতিবেদন বাছাই করা জুরি বোর্ডের সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবদুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মানবপাচারের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১০ দেশে গেছে ৪১ হাজারের বেশি বাংলাদেশি