১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০০ দিনের কর্মপরিকল্পনা নিতে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তিনি কর্মকর্তাদের বলেন, “গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুখ্য উদ্দেশ্য। গ্রাহক সন্তুষ্টির জন্য নিজেদের অবস্থানে থেকে আন্তরিকতার সাথে কাজ করুন।”

১০০ দিনের কর্মপরিকল্পনা নিতে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার সচিবালয়ে তার দপ্তরে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 08:50 PM

Updated : 14 Jan 2024, 08:50 PM

তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তাদের আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসাবে রোববার বিদ্যুৎ বিভাগের দায়িত্ব বুঝে নেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখতে হবে।

“বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে। দক্ষ হাতে ও আন্তরিকতার সাথে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিনগুলো আরো উন্নত ও ভালো হবে।”

তিনি বলেন, “গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুখ্য উদ্দেশ্য। গ্রাহক সন্তুষ্টির জন্য নিজেদের অবস্থানে থেকে আন্তরিকতার সাথে কাজ করুন।”

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস অনুসন্ধান, ভোলায় গ্যাস পাইপ লাইন নির্মাণ, গ্যাসের জন্য মাস্টার প্ল্যান ও ডিপ ড্রিলিং-এর কাজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন।

“ডায়নামিক প্রাইসিং আসবে। পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। উভয় বিভাগকে দ্রুত ১০০ দিনের কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।”

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিইআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিআরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ অন্য কর্মকর্তারা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।