১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মানসিক স্বাস্থ্যকে মন্ত্রণালয়ের আওতায় রেখে অগ্রগতি সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মানসিক স্বাস্থ্যসেবাকে কেবল চিকিৎসাকেন্দ্রিক না রেখে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন এম এ মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 10:21 PM

Updated : 13 Oct 2026, 10:21 PM

মানসিক স্বাস্থ্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় সীমাবদ্ধ রেখে কার্যকর অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি বলেছেন, “মানসিক স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসাকেন্দ্রিক হলে চলবে না; বরং প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা, পুনর্বাসন এবংসামাজিকভাবে পুনঃএকীভূতকরণের সমন্বয়ে একটি কার্যকর সেবাব্যবস্থা গড়ে তুলতে হবে।

মানসিক স্বাস্থ্যকে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় সীমাবদ্ধ রেখে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব নয়; বরং স্বাস্থ্য, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক এবং আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলা একাডেমিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আঁচল ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি), লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) ও পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ, সংসদ সদস্য শিরিন সুলতানা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাজিয়া শারমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচআরডিসি পরিচালক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ জিয়ানুর কবির।

এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, আঁচল ফাউন্ডেশনের পরিচালক সোহেল মামুন, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজির সহকারী অধ্যাপক মুস্তাইম বিল্লাহ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. দাউদ, রুডো এর প্রধান নির্বাহী পরিচালক শামীম রেজা, ডিগনিটির প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল আনোয়ার রোজেন, সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হালিদা হানুম আখতার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সহযোগী অধ্যাপক আহসান উদ্দিন।