১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'তারুণ্যের উৎসব' উদযাপনে বরাদ্দ শতকোটি টাকা

তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন প্রস্তাব করেছেন উপদেষ্টা।

'তারুণ্যের উৎসব' উদযাপনে বরাদ্দ শতকোটি টাকা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে 'তারুণ্যের উৎসব' উদযাপনের জন্য নতুন অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার বিকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন তিনি।

বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, “যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনা কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে 'তারুণ্যের উৎসব ২০২৫' উদযাপন করা হয়েছে।”

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণ বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করারও প্রস্তাব করেছেন তিনি। 

তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

“তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে 'তারুণ্যের উৎসব' উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।”

এদিন বিকাল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন সালেহউদ্দিন আহমেদ। অন্যান্য সংবাদমাধ্যমেও তা প্রচার হয়।

এবার বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন পায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয় ভিন্ন আঙ্গিকে। 

বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন; ১ জুলাই শুরু হবে নতুন অর্থবছর।

সবশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয় ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার।