চাকসু: ‘নেতৃত্ব সৃষ্টির’ আশায় নিয়মিত নির্বাচন চান সাবেকরা
এবার চাকসু নির্বাচনে যেভাবে প্যানেল তৈরি হয়েছে তা অন্তর্ভুক্তিমূলক মানসিকতার প্রকাশ ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সংসদ নির্বাচনের যে চর্চা শুরু হতে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে আশা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর সাবেক নেতারা।
এর ফলে নেতৃত্বের খরা মিটবে বলেও মনে করছেন তারা।
এবার চাকসু নির্বাচনে যেভাবে প্যানেল তৈরি হয়েছে তা অন্তর্ভুক্তিমূলক মানসিকতার প্রকাশ ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।
আগামী ১৫ অক্টোবর চাকসুর সপ্তম নির্বাচনের ভোটগ্রহণ হবে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত সাবেক নেতারাও।
তাদের প্রত্যাশা, চাকসু নির্বাচন এখন থেকে নিয়মিত অনুষ্ঠিত হবে। আর তাতে নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে। পরবর্তীতে যা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবে।
পাশাপাশি সাবেকদের চাওয়া, নির্বাচন যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়। ছাত্র সংগঠনগুলোর যার যার নিজস্ব রাজনীতি থাকলেও চাকসু যেন দলীয় রাজনীতির মঞ্চ না হয়ে উঠে। বিজয়ীরা যেন বিনা বাধায় কাজ করতে পারে।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর প্রায় ৫৯ বছর পেরিয়ে গেছে। এরমধ্যে মাত্র ছয়বার চাকসু নির্বাচন হয়েছে।
সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। সেবার ১২টি ছাত্র সংগঠনের জোট ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ ভিপি ও জিএস দুই পদেই জয়ী হয়েছিল।
সেই নির্বাচনে জিএস নির্বাচিত হয়েছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজিম উদ্দিন আহমদ।
প্রায় ৩৫ বছর পর নির্বাচন আয়োজন নিয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটো সময়ের মধ্যে পার্থক্য আছে। চাকসু শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ফোরাম হলেও আমাদের সময় নির্বাচন হয়েছিল পুরোপুরি রাজনৈতিক আবহে। তখন দেশজুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছিল।
“পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সেসময় সাম্প্রদায়িকতাবিরোধী একটা আন্দোলনও ছিল। ক্যাম্পাসে তখন একটি সংগঠনের দাপট ছিল। হল থেকে শুরু করে সব তারা নিয়ন্ত্রণ করত। সেরকম একটা পরিস্থিতিতে নির্বাচন হয়েছিল। ভোটের পর আন্দোলন সংগ্রামের মধ্যেই আমাদের বেশিরভাগ সময় পার করতে হয়।”
এবার চাকসু নির্বাচনের প্রবণতা ভিন্ন মন্তব্য করেন আজিম উদ্দিন বলেন, “এখন ছাত্ররা নিজেদের অধিকার নিয়ে অনেক সচেতন। এখনকার শিক্ষার্থীরা দখলদারিত্ব, চাঁদাবাজি, নিপীড়ন, সন্ত্রাস এসব পছন্দ করেন না। রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও তারা পছন্দ করেন না।
“এবারের প্যানেলগুলো যেভাবে হয়েছে তা খুব উৎসাহব্যঞ্জক। বিভিন্ন ছাত্র সংগঠন প্যানেলে নানা মত পথের শিক্ষার্থীদের প্রার্থী করেছে। এটা ‘ইনক্লুসিভ’ মানসিকতার প্রকাশ। এখনকার শিক্ষার্থীরা যেমন সব ধরনের প্রার্থীর প্রতিনিধিত্ব চায়, এটা তারই প্রতিফলন।”
এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আশা করি গণতান্ত্রিক পরিবেশে সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে। যারাই জিতুক, তারা যেন কাজ করতে পারে। জয়ের পরও যেন তাদের কাজ করার জন্য সংগ্রাম করতে না হয় বা বাধার মুখে পড়তে না হয়।
“প্রত্যাশা হল, এখন থেকে নিয়মিত যেন চাকসু নির্বাচনটা হয়। তাহলে ক্যাম্পাস শান্ত থাকবে এবং ছাত্রনেতারাও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সম্পৃক্ত থাকবেন। পাশাপাশি নেতৃত্ব তৈরি হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত নির্বাচন না হওয়ায় নেতৃত্বের শূন্যতা আছে।”
১৯৭৯ সালের চতুর্থ চাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছিলেন জাসদ ছাত্রলীগের নেতা মাজহারুল হক শাহ চৌধুরী। পরে ১৯৮৮ সালে চট্টগ্রামের ফটিকছড়ি আসন থেকে জাসদের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মাজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ছিল নেতা তৈরির এক বড় মাধ্যম। ৩৫ বছর চাকসু নির্বাচন বন্ধ থাকাটা নেতৃত্ব সৃষ্টিতে বিরাট বাধা ছিল। প্রায় তিন যুগে অনেক মেধাবী নেতা থেকে জাতি বঞ্চিত হয়েছে।
“তাই দীর্ঘদিন পর যে নির্বাচন হচ্ছে এটা নিয়ে আমি খুব উৎফুল্ল। ধারাবাহিকভাবে নির্বাচন হলে রাজনীতিতে মেধাবী, ত্যাগী ও নিষ্ঠাবান নেতৃত্ব সৃষ্টির যে আকাঙ্ক্ষা, তা পূরণ হবে।”
নিজের সময়ের স্মৃতিচারণ করে চাকসুর সাবেক এই নেতা বলেন, “তখন প্রতিদ্বন্দ্বিতা ছিল রাজনৈতিক, তবে ব্যক্তিগত নয়। আমরা যে কয়জন ভিপি প্রার্থী হয়েছিলাম, আশ্চর্যজনকভাবে সবাই ছিলাম ঘনিষ্ট বন্ধু। এখনো সেই বন্ধুত্ব অটুট আছে।
“তখন ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের কর্মীদের মধ্যে ছোটখাটো বিরোধ হয়ত হত। কিন্তু সকল সংগঠনের জ্যেষ্ঠ নেতৃত্বের প্রতি কর্মীরা সবাই শ্রদ্ধাশীল ছিলেন। যে কোনো একজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত হলে, সেই বিরোধ মিটে যেত।”
চাকসুর এবারের নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদের প্রতি অতীতের মত সৌহার্দ্যের চর্চা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্র সংসদ হল সব শিক্ষার্থীর প্রতিনিধিত্বশীল ফোরাম। তাই চাকসুকে দলীয় মঞ্চ যেন করা না হয়। রাজনীতি যার যার, চাকসু হবে সবার। তাহলে প্রাতিষ্ঠানিক গতি বাড়বে।
“আশা করি, আগামী দিনের চাকসু নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তা করবে। তাতে তারা বড় নেতা হতে পারবেন।”
১৯৯০ সালের চাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন সে সময়ে ছাত্রদল নেতা মাহবুবের রহমান শামীম। তিনি এখন বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।
আসন্ন চাকসু নির্বাচন নিয়ে জানতে চাইলে মাহবুবের রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তখন থেকেই চেয়েছিলাম চাকসু নির্বাচন হোক। বহুবার আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু হয়নি। এখন নির্বাচন হচ্ছে, এটা ভালো।
“চাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে, আশা করছি।”
অতীতে যারা নেতৃত্বে ছিলেন
১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ চাকসু ও হল সংসদ নির্বাচনে ৯৯টি পদের মধ্যে ৮৮টিতে জয় পায় ১২ সংগঠনের জোট ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’।
সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রার্থী জাতীয় ছাত্রলীগের নাজিম উদ্দিন ৪৮৩১ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী হামিদ হোসেন পান ২৭৭৪ ভোট।
জিএস পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি আজিম উদ্দিন আহমদ ৪৯৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের মানছুর আহমদ পেয়েছিলেন ২৬২৫ ভোট।
এজিএস পদে ছাত্রদল নেতা মাহবুবের রহমান শামীম ৪৯৯১ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান পেয়েছিলেন ২৬২০ ভোট।
এর আগে ১৯৮১ সালে পঞ্চম চাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে নির্বাচিত হন ইসলামী ছাত্র শিবিরের সে সময়ের নেতা জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার।
১৯৭৯ সালের চতুর্থ চাকসু নির্বাচনে ভিপি হন জাসদ ছাত্রলীগের মাজহারুল হক শাহ চৌধুরী এবং জিএস হন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের জমির চৌধুরী।
তার আগে ১৯৭৪ সালের তৃতীয় চাকসু নির্বাচনে জাসদ ছাত্রলীগের এস এম ফজলুল হক ভিপি ও গোলাম জিলানী চৌধুরী জিএস নির্বাচিত হন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে হওয়া দ্বিতীয় চাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের শামসুজ্জামান হীরা ভিপি এবং জাসদ ছাত্রলীগের মাহমুদুর রহমান মান্না জিএস নির্বাচিত হন।
১৯৭০ সালের প্রথম চাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ছাত্রলীগের মোহাম্মদ ইব্রাহিম। জিএস হন ছাত্রলীগের আবদুর রব।
১৯৭১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সেসময়ের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পাকিস্তানি সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন চাকসু জিএস আবদুর রব।
