২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে চাকসু নির্বাচনে লড়ছেন বম শিক্ষার্থী লালত্লান

“দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলেও আমিই একমাত্র বম সম্প্রদায়ের শিক্ষার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 12:53 AM

Updated : 26 Aug 2026, 02:25 PM

জুম চাষী বাবা-মায়ের বড় সন্তান লালত্লান সাং বম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন নিজের জাতিসত্তাকে আরো এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে। 

তার বিশ্বাস, নির্বাচনে জয়ী হতে পারলে তিনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারবেন; তাতে তার পরিচিতি বাড়বে, নিজের জাতিসত্তার জন্য কথা বলা আরো ‘সহজ’ হবে। 

চাকসু নির্বাচনে আদিবাসী ও বাম শিক্ষার্থীদের প্যানেল ‘বৈচিত্রের ঐক্য’ প্যানেল থেকে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র লালত্লান। 

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের সন্তান লালত্লান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাচ্ছেন । জাতীয় লিগের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে হ্যান্ডবল লিগের নিয়মিত খেলোয়াড় তিনি।   

২০১২ সালে স্কুল জীবনে হ্যান্ডবল খেলার সঙ্গে যুক্ত হওয়া লালত্লান জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। 

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, দেশে বম জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ১৪ থেকে ১৫ হাজার। এরমধ্যে ১৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের পাঁচজন পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 

“দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলেও আমিই একমাত্র বম সম্প্রদায়ের শিক্ষার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। এর মাধ্যমে নিজের জাতিসত্তার অধিকারের জন্য কথা বলাটাও আমার জন্য সহজ হবে।”  

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বম শিক্ষার্থীদের নিয়ে গঠিত বম স্টুডেস্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন লালত্লান সাং বম। 

তিনি বলেন, “গত কয়েক বছর ধরে বম জাতি গোষ্ঠীর ওপর চলমান শোষণ, নিপীড়নের কারণে প্রায় তিন হাজারের মানুষ ভারতে উদ্বাস্তু হয়েছে। এ সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। চাকসুতে নির্বাচিত হলে আমি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করতে চাই।” 

গত বছর রুমা উপজেলার থানছি বাজারের ঘটনার পর নামের ‘বম’ পদবীর জন্য বিভিন্নভাবে ‘বুলিংয়ের’ শিকার হওয়া কথাও বলেন লালত্লান।

তিনি বলেন, “অনেকেই আমাদের ভিন্ন চোখে দেখেন। আমি জয়ী হতে পারলে মানুষের দৃষ্টিভঙ্গিটাও অনেকটা পাল্টাতে পারে।” 

নিজের পারিবারিক অবস্থা তুলে ধরে এই আদিবাসী তরুণ বলেন, “আমার বাবা-মা জুম চাষী। আমি তাদের বড় সন্তান। পড়াশোনার খরচ চালানো নিজের পক্ষে সম্ভব হত না। লামা কোয়ান্টাম স্কুলে বিনা বেতনে পড়াশোনা করেছি। উচ্চ শিক্ষায় ভর্তি পর্যন্ত তারাই সহায়তা করেছে।”

খেলাধুলার প্রতি ভালোবাসার কথা তুলে ধরে ক্রীড়া সম্পাদক পদের এই প্রার্থী বলেন, “আমি চাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত হোক। এটা মানসিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ।

সব শিক্ষার্থী যাতে বিশ্ববিদ্যালয়ে ব্যায়ামাগারে গিয়ে নিয়মিত অনুশীলন করতে পারে, সেটা নিশ্চিত করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারে, সেজন্য চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা দলীয় এবং একক ইভেন্টে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে অংশ নিতে পারে, সেজন্যও কাজ করতে চাই।” 

নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লালত্লান বলেন, “আমি চাই সবাই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকুক। নিজে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকায় কারণে অন্য খেলোয়াড়দের সমস্যাগুলো আমি খুব কাছ থেকে দেখছি। তাদের জন্য কিছু করার লক্ষ্যেই মূলত নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা।” 

লালত্লানের ভাষ্য, ‘বৈচিত্রের ঐক্য’ প্যানেলটি গঠিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সকল ধর্মের অন্তর্ভুক্তি রয়েছে।

চাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ১২ জন। আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন হবে।