২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিনিদের ‘লক্ষ্য’ এখন শেখ হাসিনা: মাহতাব

শেখ হাসিনা পৃথিবীর সব শোষিত মানুষের মুক্তিদাতা নেত্রী হিসেবে আবির্ভূত হওয়ায় তিনি এখন ‘টার্গেটে’ পরিণত হয়েছেন বলে মনে করেন তিনি।

মার্কিনিদের ‘লক্ষ্য’ এখন শেখ হাসিনা: মাহতাব

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার পুরাতন রেলওয়ে চত্বরে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 10:19 PM

Updated : 23 Jun 2023, 10:19 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সার্বিক মুক্তির পথ দেখিয়েছেন মন্তব্য করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার দল সব সময় সামনের কাতারে ছিল।

শুক্রবার বিকালে নগরীর পুরাতন রেলওয়ে চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। পরে একটি আনন্দ শোভাযাত্রা হয়।

মাহতাব বলেন, “আওয়ামী লীগের ৭৪ বছরের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস এবং এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াইগুলোতে আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে।“

তিনি বলেন, “১৯৭১ সালের পর সদ্য স্বাধীন দেশে যখনই বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন, ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ অগাস্ট একাত্তরের পরাজিত শক্তির প্রত্যক্ষ ইন্ধনে তাদের এদেশীয় এজেন্ডা বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তারপরও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।

“মার্কিন সাম্রাজ্যবাদ ইরাকের সাদ্দাম হোসেনকে, লিবিয়ার গাদ্দাফী, বৈশ্বিক মানবতাবাদী নেতা পেট্রিক লুবাম্মা, মার্টিন লুথার কিং, আনোয়ার সাদেকসহ বিশ্ব নেতাদের খুন করেছে। এখন তাদের টার্গেট বিশ্ব মানবতার নেতা শেখ হাসিনা। কারণ তিনি পৃথিবীর সকল শোষিত মানুষের মুক্তিদাতা নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন।"

একই সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, "১৯৭১ সালে পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশের বিরোধীতা করেছিল। তারপরও বাংলাদেশ বিজয়ী হয়েছিল এবং বিরোধীরা ইতিহাসের শিক্ষা অনুযায়ী পরাজিত হয়েছে।"

এসময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সাম্রাজ্যবাদী আগ্রাসনের অপচেষ্টা’ বলে উল্লেখ করেন তিনি।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়; এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।