২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের আগে দুই মামলা নিষ্পত্তির নির্দেশ চবি উপাচার্য শিরীণের

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি, সিক্সটিনাইন ও বিজয় গ্রুপের মোট ১৪ জনকে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় এক হাজার জনকে আসামি করা হয় দুই মামলায়।

বিদায়ের আগে দুই মামলা নিষ্পত্তির নির্দেশ চবি উপাচার্য শিরীণের

গত বছর ৭ সেপ্টেম্বর রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, শিক্ষক ক্লাব ও পরিবহন দপ্তরে রাখা বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2024, 08:58 PM

Updated : 20 Mar 2024, 08:58 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও পরিবহন দপ্তরে ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলা নিষ্পত্তির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার মঙ্গলবার তার দায়িত্বের শেষ দিনে মামলা দুটি নিষ্পত্তির আবেদন করার নির্দেশ দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজ্জাক বলেন, “প্রশাসন থেকে নির্দেশ দেওয়ায় গতকাল আদালতে ২ টি মামলাই নিষ্পত্তির আবেদন করা হয়েছে।"

গত বছর ৭ সেপ্টেম্বর রাতে নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পথে ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয় শাটল ট্রেনের ছাদে থাকা ১৫ শিক্ষার্থী। এতে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন, শিক্ষক ক্লাব ও পরিবহন দপ্তরে রাখা বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ওই ঘটনায় চাঁদা দাবির অভিযোগে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দুটির প্রথমটিতে ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের প্রশাসক আশরাফ উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং দ্বিতীয়টিতে ৪ সেপ্টেম্বর উপাচার্যের বাসভবনে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়।

চাঁদা দাবির দুই-তিন পর ৭ সেপ্টেম্বরে শাটল ট্রেনের দুর্ঘটনাকে পুঁজি করে ভাঙচুর-অগ্নিসংযোগ করার অভিযোগ করা হয় মামলায়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি, সিক্সটিনাইন ও বিজয় গ্রুপের মোট ১৪ জনকে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় এক হাজার জনকে আসামি করা হয় দুই মামলায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার ২০১৯ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত না মেনে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষক সমিতি।

এর মধ্যেই মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপচার্য হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আবু তাহেরকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ব্যবস্থাপনা বিভাগের সভাপতির দায়িত্ব ছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আবু তাহের।

পুরনো খবর

পুরনো খবর:

চবিতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা