ভোট চুরি ভুলে যান, সরকারকে আমীর খসরুর হুঁশিয়ারি
পদযাত্রায় আসা দলীয় কর্মীদের অনেকের হাতে লাঠি-সোটা দেখা গেছে।
ভোট চুরি করতে আওয়ামী লীগ ‘দলীয় পুলিশ, ডিসি ও ইউএনওদের’ বিভিন্ন জেলায় পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকার পতনের এক দফা দাবিতে বুধবার চ্ট্টগ্রামে বিএনপির পদযাত্রার শুরুর আগে সমাবেশে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভোট চুরি ভুলে যান। দরকার হলে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু ভোট চুরি ও শেখ হাসিনার অধীনে নির্বাচনের কোনো সুযোগ নাই।
“পরিষ্কারভাবে বলতে চাই নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিকমানের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সংসদ সদস্য, সরকার নির্বাচিত করবে। তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে, দায়বদ্ধ থাকবে।”
বিএনপির এ আন্দোলনের প্রতি বিশ্বের গণতন্ত্রকামী বিভিন্ন দেশের মানুষের সমর্থন আছে জানিয়ে সাবেক মন্ত্রী খসরু বলেন, “বাংলাদেশের জনগণ জীবনের বিনিময়ে হলেও এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে। শুধু বাংলাদেশি নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ, সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আছে; তারা বাংলাদেশের এ গণতান্ত্রিক আন্দোলনকে খোলাখুলিভাবে সমর্থন দিয়েছে।”
নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশিরা সরকারকে বারবার বার্তা দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “দেশের ভেতরে বাইরে সবার এক কথা- শেখ হাসিনা বিদায় হও।”
দেশের মানুষ রাস্তায় নেমে আসায় আওয়ামী লীগ ভয়ে আছে মন্তব্য করে খসরু বলেন, “শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও ভোট চোরের সহযোগীদের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। ভয়ের কারণে তাদের কিছু মাস্তান ও আওয়ামী পুলিশ মাস্তান মিলে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে। লক্ষ্মীপুরে একজন ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।”
লক্ষ্মীপুর, ফেনী, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি ও ঢাকার মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা হয়েছে বলেও অভিযোগ এ বিএনপি নেতার।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজুল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
লাঠি-বাঁশ নিয়ে পদযাত্রা
আমীর খসরুর নেতৃত্বে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এ পদযাত্রা এনায়েত বাজার-আমতল-নিউমার্কেট-কদমতলী-টাইগার পাস মোড় হয়ে দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর ছাড়াও উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পদযাত্রায়।
পদযাত্রায় আসা দলীয় কর্মীদের অনেকের হাতে লাঠি-সোটা দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দেখে উস্কানিমূলক স্লোগানও দিতে দেখা গেছে তাদেরকে।
দেওয়ান হাট মোড়ে পদযাত্রা শেষ করে ফেরার পথে লালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে বিএনপিকর্মীরা।
এসময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে সাতটি বিভিন্ন ধরনের গাড়ি ও তিনটি মোটর সাইকেল।
