২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ‘চির নির্বাসন’ দেওয়ার সময় এসেছে: নাছির

“আওয়ামী লীগ অবিনাশী সৃষ্টি ও চেতনার নাম,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 09:10 PM

Updated : 13 Oct 2023, 09:10 PM

ক্ষমতায় যেতে বিএনপি বিভিন্ন দেশের দূতাবাসে গিয়ে ‘ধরনা দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেছেন, “পথহারা বিএনপি এখন রাজপথ ছেড়ে ক্ষমতার গন্ধ পেতে দূতাবাসমুখী হয়েছে। বিএনপি নেতারা ইদানীং ঘন ঘন বিদেশি দূতদের সাথে লাঞ্চ-ডিনার-ব্রেকফাস্ট সারছেন। তারা ক্ষমতার জন্য এতই ক্ষুধার্ত যে বিদেশি প্রভুর পদলেহনে তাদের বিন্দুমাত্র লজ্জা নেই।

“এমনকি একাত্তরের পাকসেনাদের রক্ষা করতে যে দেশটি সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ক্ষমতায় যেতে সেই দেশটিসহ পশ্চিমা দেশে দেশে প্রকাশ্যে দরবার শুরু করে দিয়েছে। এমন নির্লজ্জ বেহায়াদের রাজনীতি করা মানায় না। তাদের চির নির্বাসন দেওয়ার সময় এসেছে।”

শুক্রবার বিকালে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে নাশকতা-নৈরাজ্য বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, “আওয়ামী লীগের নির্ভরতা জনগণ, কোনো বিদেশি প্রভু নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি এবং থাকবই।

“জনগণই আমাদের ক্ষমতার উৎস। আওয়ামী লীগ কোন প্রাসাদ ষড়যন্ত্রকে তোয়াক্কা করে না। আওয়ামী লীগ অবিনাশী সৃষ্টি ও চেতনার নাম।”

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “বিএনপি-জামাত জোট অসাংবিধানিক পন্থায় জোর করে ক্ষমতা দখল করে ২০০১ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায়। সে সময় হত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগ ও লুণ্ঠনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করতে যে তান্ডব ঘটিয়েছিল, সেই দুঃসহ অভিজ্ঞতা জনগণ ভোলেনি।

“বিএনপি রাজপথের আন্দোলনের হুমকি দিলেও তাদের সঙ্গে জনগণ নেই, আছে দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা ক্যু ও হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করে পরে বিএনপি নামক যে দলটির জন্ম দেয়, তার রন্ধ্রে রন্ধ্রে পাপাচার ও দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজনীতি ও ক্ষমতায় পাপীদের অনুপ্রবেশ জাতির জন্য বড় অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে।”

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআর