২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি সন্দেহে দুই শিশুকে বেঁধে নির্যাতনে ৩ পুলিশ

ওই তিন পুলিশ কনস্টেবলকে তাদের দায়িত্বস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

চুরি সন্দেহে দুই শিশুকে বেঁধে নির্যাতনে ৩ পুলিশ

দুই শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন করতে দেখা যাচ্ছে পুলিশ সদস্যদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 11:17 PM

Updated : 21 Aug 2022, 11:29 PM

চুরির সন্দেহে দুই শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর এবং চুল কেটে দেওয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যকে তাদের দায়িত্বস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই তিন পুলিশ সদস্য হলেন- মেহেদী হাসান টগর, আহসান হাবিব ও মাজাহারুল ইমলাম।

এই তিন কনস্টেবল নগর পুলিশে পিওএম শাখায় ছিলেন। তারা নগরীর বাটালি হিলে ম্যাজিস্ট্রেট কলোনি এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তাদের সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-জনসংযোগ) শাহাদাত হোসেন রাসেল।

শুক্রবার দুই শিশুকে নির্যাতনের ভিডিও শনিবার রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনা ওঠে। তার একদিন বাদেই ব্যবস্থা নিল নগর পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে আনুমানিক ১২ বছর বয়েসী ওই দুই শিশুকে ধরে বাটালি হিলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

এডিসি রাসেল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিন কনস্টেবল বাটালি হিলের ডিআইজি বাংলোতে ম্যাজিস্ট্রেট কলোনি এলাকার নিরাপত্তায় পেট্রোলিং ডিউটির দায়িত্বে ছিলেন।

“ম্যাজিস্ট্রেট কলোনির নিরাপত্তাকর্মীদের কাছ থেকে চুরির অভিযোগ পেয়ে তারা দুই শিশুকে ধরে আনেন। তবে বিষয়টি তারা সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি।”

রোববার নগর পুলিশ কমিশনারের নির্দেশে ওই তিন কনস্টেবলকে সরিয়ে নিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানান তিনি।