বাবাকে খুন করে লাশ গুম, ছেলের জবানবন্দি
জবানবন্দিকে শফিকুর বলেছেন, তাদের বাবা নিরুদ্দেশ ছিলেন ২৭ বছর। সম্প্রতি বাড়ি ফিরে সম্পত্তি ছেলেমেয়েদের না দিয়ে নিজের ভাইয়ের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন।
সম্পত্তি লিখে না দেওয়ায় মো. হাসান নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে খুনের পর টুকরো করে লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার ছোট ছেলে শফিকুর রহমান আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম মো. সাদ্দাম হোসেনের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শফিকুর রহমানকে রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে তোলা হয়। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানিয়ে জবানবন্দি দেন।”
তদন্ত কর্মকর্তা ইলিয়াস বলেন, সন্তানদের ধারণা, তাদের বাবা হাসান আরেকটি বিয়ে করেছেন। গত ঈদে শফিকুর তার বাবাকে ফোন করলে তিনি ‘তার কোনো সন্তান নেই এবং তাদের মাকেও চেনেন না’ বলে দাবি করেন। সে কারণে সন্তানরা তার ওপর ক্ষুব্ধ হয়।
জবানবন্দিকে শফিকুর বলেছেন, তাদের বাবা হাসান নিরুদ্দেশ ছিলেন ২৭ বছর। সম্প্রতি বাড়ি ফিরে এসে তিনি সম্পত্তি ছেলেমেয়েদের না দিয়ে নিজের ভাইয়ের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। সন্তানরা তাতে বাধা দেয়। এ কারণে তার চাচা তার বড় ভাইকে মারধর করে।
বাবা ‘তাবিজ কবজ করায়’ মা ছেনোয়ারা বেগম অসুস্থ হয়েছে বলেও শফিকের বিশ্বাস।
শফিকুর তার জবানবন্দিতে হত্যাকাণ্ড থেকে শুরু করে লাশ গুম করা পর্যন্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তা ইলিয়াস খান।
গত ২১ সেপ্টেম্বর রাতে পতেঙ্গা ১২ নম্বর ঘাট সংলগ্ন বিমানবন্দর সড়কের পাশে ঝোপের ভেতর একটি ব্যাগে হাত-পায়ের আটটি টুকরা উদ্ধারের পর পতেঙ্গা থানায় মামলা করে পুলিশ।
আঙ্গুলের ছাপ সংগ্রহ করে লাশের টুকরাগুলো হাসানের বলে জানানো হয়। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলি গ্রামে।
পরিচয় শনাক্তের পর ২২ সেপ্টেম্বর হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম ও তার বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বড় ছেলের দেওয়া তথ্যে পরদিন আকমল আলী রোডের খাল থেকে হাসানের গলার নিচ থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করে পিবিআই।
ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানের ছোট ছেলে শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীর ও তার স্ত্রী আনারকলি। ৩১ সেপ্টেম্বর আনারকলিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ১ ও ২ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে হাসানের খণ্ডিত মাথার সন্ধানে তল্লাশি চালায় পিবিআই।
গত শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগ থেকে শফিকুরকে গ্রেপ্তার করে পিবিআই। চট্টগ্রামে এনে তাকে নিয়েও পতেঙ্গা সৈকতে খণ্ডিত মাথার খোঁজে তল্লাশি চালায়, কিন্তু সেটি পাওয়া যায়নি।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পিবিআই। রিমান্ড শেষে মঙ্গলবার তিনি জবানবন্দি দিলেন।
