২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাবাকে খুন: শফিকুর তিন দিনের রিমান্ডে

শনিবার তাকে চট্টগ্রামে এনে খণ্ডিত মাথার সন্ধানে পতেঙ্গা সমুদ্র সৈকতে তল্লাশি চালায় পিবিআই।

চট্টগ্রামে বাবাকে খুন: শফিকুর তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তার শফিকুর রহমানকে নিয়ে তারা বাবার খণ্ডিত মাথা উদ্ধারে পিবিআইয়ের অভিযান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 08:31 PM

Updated : 07 Oct 2023, 08:31 PM

সম্পত্তি লিখে নিতে চট্টগ্রামে এক ব্যক্তিকে খুনের মামলায় গ্রেপ্তার তার ছোট ছেলে শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পিবিআই।

শনিবার শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসানের ছোট ছেলে শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগ থেকে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।

বাবাকে হত্যার পর ঢাকায় পালিয়ে গিয়ে শফিকুর নাম-পরিচয় গোপন করে সুমন নামে হাজারীবাগের একটি ট্যানারিতে চাকরি নিয়েছিলেন বলে পিবিআইয়ের ভাষ্য।

শনিবার তাকে চট্টগ্রামে এনে হাসানের খণ্ডিত মাথার সন্ধানে পতেঙ্গা সমুদ্র সৈকতে তল্লাশি চালায় পিবিআই। কিন্তু সেখানে সেটি পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, “সমুদ্রের পাথর ব্লকের যেখানে হাসানের খণ্ডিত মাথাটি ফেলার কথা শফিকুর ও তার স্ত্রী আনারকলি জানিয়েছে, সেখানে জোয়ারের পানি প্রবেশ করে। যার কারণে সেটি পাথর অথবা বালুর নিচে ঢুকে যেতে পারে। তবুও আমরা সেটি উদ্ধারের চেষ্টায় আছি।”

গত ২১ সেপ্টেম্বর রাতে পতেঙ্গা ১২ নম্বর ঘাট সংলগ্ন বিমানবন্দর সড়কের পাশে ঝোপে একটি লাগেজের ভেতর থেকে হাত-পায়ের আটটি টুকরা উদ্ধারের পর পতেঙ্গা থানায় মামলা করে পুলিশ। আঙ্গুলের ছাপ সংগ্রহ করে লাশের টুকরাগুলো হাসানের বলে জানানো হয়। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলি গ্রামে।

পুরনো খবর:

চট্টগ্রামে বাবাকে খুন: ছেলেকে নিয়ে খণ্ডিত মাথার খোঁজে পিবিআই

পরিচয় শনাক্তের পর ২২ সেপ্টেম্বর হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম ও তার বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বড় ছেলের দেওয়া তথ্যে পরদিন আকমল আলী রোডের খাল থেকে হাসানের গলার নিচ থেকে কোমড় পর্যন্ত অংশ উদ্ধার করে পিবিআই।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানের ছোট ছেলে শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীর ও তার স্ত্রী আনারকলি। ৩১ সেপ্টেম্বর আনারকলিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ১ ও ২ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে হাসানের খণ্ডিত মাথার সন্ধানে তল্লাশি চালায় পিবিআই।

পিবিআই কর্মকর্তা ইলিয়াস খান জানান, আনারকলি তার স্বামী শফিকুরের সাথে গিয়ে হাসানের শরীরের খণ্ডিত অংশগুলো ফেলে দিয়েছিলেন বলে জানিয়েছিল। মাথাটি ফেলা হয়েছে পতেঙ্গা সৈকতের কাছে পাথরের ব্লকের ভেতর।

২৮ বছর স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল না হাসানোর। মাস ছয়েক আগে তিনি পরিবারের সাথে যোগাযোগ করেন। এরপর স্ত্রী-সন্তানরা তাকে সম্পত্তি লিখে দিতে বললেও তাতে রাজি ছিলেন না হাসান। এ নিয়ে বিতণ্ডার জেরে গত ১৯ সেপ্টেম্বর আকমল আলী রোডের জমির ভিলায় ছোট ছেলের বাসায় ডেকে হাসানকে খুন করে লাশ কয়েক টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।