বিচারপতি মানিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ
“জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি করে অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে,” বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সমাবেশ হয়েছে চট্টগ্রামে।
শুক্রবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে এ কর্মসূচি আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম।
সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বলেন, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরী রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিক বাংলাদেশ গড়া ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে একজন উচ্চকন্ঠ ব্যক্তিত্বের উপর ঢাকায় প্রকাশ্য দিবালোকে তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
“গণতন্ত্রের নামে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি করে অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে।”
আয়োজক সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, ফারজানা মিলা, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, ইমরান হোসেন মুন্না, ইয়াসির আরাফাত, মোস্তাফিজুর রহমান বিপ্লব, সোহেল ইকবাল, এম এ খালেক, আশরাফুল ইসলাম, আবদুর রহীম, এস এম রাফি, মো. সেলিম, প্রদীপ দাশ।
