২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী খুনের ঘটনায় সেই এনামুলকে ধরেছে র‍্যাব

ধরা পড়ার আগে এনামুল চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট শহরে আত্মগোপনে ছিলেন। সে সময় কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখেননি।

রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী খুনের ঘটনায় সেই এনামুলকে ধরেছে র‍্যাব

এনামুল হককে সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 02:17 PM

Updated : 04 Apr 2023, 02:17 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এক এনজিওর কর্মীকে খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন এনামুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল মো. মাহবুব আলম মঙ্গলবার জানান, সোমবার রাতে এনামুলকে সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি হোটেলে দৈনিক ২০০ টাকা বেতনে চাকরি নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল তার ‘অপরাধ স্বীকার করেছেন’ জানিয়ে মাহবুব আলাম বলেন, এই হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’ বলে ধারণা করা করছেন তারা।  

এনামুলের বাড়ি রাঙ্গুনিয়ায় উত্তর পারুয়া গ্রামে। আর চম্পা ছিলেন বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’ এর রাঙ্গুনিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক। ঋণগ্রহীতা এনামুল হক ‘ঋণ পরিশোধ নিয়ে দ্বন্দ্ব থেকে’ চম্পা চাকমাকে খুন করেছেন বলে জানিয়েছিল পুলিশ।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মাহবুব আলম বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ছায়াতদন্ত শুরু করেন।

“এনামুল মোবাইল ব্যবহার করত না এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ না রাখায় প্রথম ১৫দিন তার কোনো খবরও পাওয়া যায়নি। অবশেষে গোপন খবরের ভিত্তিতে জানা যায়, এনামুল সিলেটে আছেন। এরপর সিলেটের র‌্যাব-৯ এর সহায়তায় র‌্যাব-৭ এর একটি দল এনামুলকে গ্রেপ্তার করে।“

পুরনো খবর:

রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চাকমা নারীকে ছুরিকাঘাতে হত্যা

মাহবুব আলম জানান, পদক্ষেপ এনজিও থেকে গত বছরের ২০ এপ্রিল এনামুল তার মায়ের নামে দুই লাখ ও পরে বোনের নামে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ৪০ কিস্তিতে মায়ের নামে নেওয়া কিস্তি পরিশোধ করলেও বোনের নামে নেওয়া ঋণের ছয়টি কিস্তি বকেয়া ছিল।

“গত ২৮ ফেব্রুয়ারি কিস্তি পরিশোধ তারিখ ছিল। কিন্তু এনামুল নির্ধারিত তারিখগুলোতে কিস্তির টাকা দিতে না পারায় চম্পা চাকমা তাকে বারবার তাগদা দিয়ে আসছিলেন। ৫ মার্চ হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় রাঙ্গুনিয়া ধামাইর হাটে সহকর্মীসহ বাসায় ফেরার পথে চম্পার সঙ্গে এনামুলের দেখা হয়। ওইসময় কিস্তি পরিশোধ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এনামুল ছুরি দিয়ে চম্পা চাকমার শ্বাসনালীতে আঘাত করেন।”

Image

রাঙ্গুনিয়ায় নিহত চম্পা চাকমা।

ওই সময় সহকর্মী ও স্থানীয়রা চম্পা চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা এনামুলকে ধরতে ধাওয়া করলে তিনি পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পর সিলেটে আসার আগে এনামুল চট্টগ্রাম এবং ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানান র‌্যাব অধিনায়ক মাহবুব আলম।

তিনি বলেন, মার্চের ৫ তারিখে রাতে পাহাড়ি এলাকায় থেকে পরদিন রাঙামাটি পালিয়ে যান এনামুল। সেখান থেকে চট্টগ্রামে এসে নগরীর পতেঙ্গা ও চকবাজার এলাকায় লুকিয়ে থাকেন। এরপর ঢাকায় গিয়ে পোস্তাগোলায় কয়েকদিন থাকার পর এনামুল চলে যান সিলেট শহরে। সিলেটে চারদিন হযরত শাহজালালের মাজারেও এনামুল ছিলেন।

“এনামুল জানিয়েছে, বোনের নামে নেওয়া ঋণের কিস্তির মেয়াদ বাড়াতে তিনি পদক্ষেপ এনজিওকে অনুরোধ করেছিলেন। কিন্তু তাতে তারা রাজি হয়নি। কিস্তির টাকা না দিলে এনজিও থেকে এনামুলের বাড়িতে গিয়ে আদায় করার হুমকি দেওয়া হয়।

“তার শঙ্কা ছিল টাকা উদ্ধারে এনজিওর লোকজন যদি তার বোনের বাড়িতে সত্যিই এসে পড়ত তাহলে তার প্রবাসী ভগ্নিপতির সম্মানহানির ভয় ছিল।”

এই ধরনের শঙ্কা থেকে এনামুল ‘পরিকল্পিতভাবে’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে র‍্যাব অধিনায়কের ধারণা। 

এ ধারণার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “যে ছুরি দিয়ে চম্পা চাকমাকে আঘাত করা হয়, এনামুল সেটি তার বন্ধুর কাছ থেকে নিয়েছিলেন পাহাড়ে যাবেন বলেন। চম্পা চাকমার শ্বাসনালীতে সরাসরি আঘাত করেছিলেন তিনি।”