বিএনপি মাঠে আছে কেবল ‘অরাজকতা’ করতে: নাছির
“আমাদের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা যেমন আছে, তেমনই ক্ষমতাচ্যুত হয়ে রাজপথে দাঁড়াবার অভিজ্ঞতাও আছে,” বলেন এই আওয়ামী লীগ নেতা।
বিএনপি ‘অরাজকতার উদ্দেশ্যেই’ মাঠে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, “বিএনপি নির্বাচনে না এলেও তারা মাঠে আছে অরাজকতার উদ্দেশ্যে। জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা এবং সম্পদ ধ্বংস করার অভিজ্ঞতা তাদের রয়েছে। তাই আমরা নির্বাচনে আছি, আবার অরাজকতা ও নাশকতার বিরুদ্ধেও মাঠে আছি।
“আমরা অবশ্যই শান্তির পক্ষে এবং জনস্বার্থ রক্ষায় মানুষের আস্থা অর্জনে বারবার নিজেদের সক্ষমতা জানান দিয়েছি। আমাদের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা যেমন আছে, তেমনই ক্ষমতাচ্যুত হয়ে রাজপথে দাঁড়াবার অভিজ্ঞতাও আছে।”
সোমবার পূর্ব ষোলশহরে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নৌকার প্রার্থীকে ‘পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিক’ হিসেবে বর্ণনা করে নাছির বলেন, “তিনি মানুষের সুখ-দুঃখে ছিলেন, আছেন এবং থাকবেন। তার বিজয়ের মধ্য দিয়ে আমরা কালুরঘাট সেতুর বাস্তবায়ন দেখতে চাই এবং চট্টগ্রাম-০৮ আসনের অবকাঠামোগত উন্নয়নগুলোর সমাধান করতে চাই। এজন্য তিনিই আমাদের অন্যতম অবলম্বন।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করার পথ খুঁজছে। যে দলটির জন্ম ক্যান্টনমেন্টে, সে দলের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
“পৃথিবীতে গণতন্ত্র সভ্যতার একটি বিধান। গণতন্ত্রে মানুষের অধিকারের কথা স্বীকৃত আছে। চট্টগ্রাম-০৮ আসনের উপ নির্বাচনে গণতন্ত্র চর্চার মঞ্চ হিসেবে উপস্থাপিত হবে। আমরা অবশ্যই নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে মাঠে নেমেছি এবং তাকে বিজয়ী করা আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা।”
চট্টগ্রাম-০৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, “এখানকার বিদ্যমান সমস্যার কথা আমি জানি। মানুষের চাওয়া-পাওয়া কী- তাও জানি। তাই আমি কথা দিতে পারি, এলাকাবাসী যা চাইবে- তা আদায়ে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”
অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কৃষি সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা বিষয়ক সম্পাদিক জোবাইরা নার্গিস খান, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
