সাংবাদিকের মাথায় ‘চায়ের কাপ মেরে’ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ২ ছাত্রলীগ নেতা
তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদকর্মীর মাথায় চায়ের কাপ ছুড়ে মারার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ এবং উপ-দপ্তর সম্পাদক আরাফাত রায়হান।
এদের মধ্যে খালেদ মাসুদ আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী; আরাফাত সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে তাদের বহিষ্কার করা হয়েছে জানিয়ে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, “বহিষ্কার আদেশ আজ থেকে পরবর্তী ছয় মাস কার্যকর থাকবে।”
বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে সোমবার রাতে চায়ের দোকানে চেয়ারে বসা নিয়ে বিতণ্ডার জেরে মারধরের শিকার হন একটি অনলাইল পোর্টালে ক্যাম্পাস প্রতিনিধি দোস্ত মোহাম্মদ।
তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
হামলার দিন দোস্ত মোহাম্মদ বলেছিলেন, “স্টেশনে একটি দোকানে চা খেতে গিয়ে চেয়ারে বসেছিলাম, খালেদ মাসুদ তখন বলেন ‘তুমি এটা কার অনুমতি নিয়ে নিয়েছ?’ জবাবে ‘তুমি করে বলছ কেন’ প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে তার হাতে থাকা গরম চা কাপসহ আমার মাথায় ছুড়ে মারে।”
সাংবাদিক পরিচয় দিলেও খালেদ মাসুদের অনুসারীরা তাকে এলোপাথাড়ি মারধর করে বলে দোস্ত মোহাম্মদের অভিযোগ।
এদিকে ঘটনার পর দোস্ত মোহাম্মদকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দোস্ত মোহাম্মদ এখনও সেখানে চিকিৎসাধীন।
তবে ঘটনার পর খালেদ মাসুদ দাবি করেছিলেন, কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়েছিল, কোনো মারধরের ঘটনা ঘটেনি।
পুরনো খবর
