২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সাংবাদিকের মাথায় ‘চায়ের কাপ মারলেন’ ছাত্রলীগ নেতা

“১০-১২ জন আমাকে বেধড়ক পেটাতে থাকে; একপর্যায়ে তারা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করে ও পেটে লাথি মারে।”

চবিতে সাংবাদিকের মাথায় ‘চায়ের কাপ মারলেন’ ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 01:08 PM

Updated : 20 Jun 2023, 01:08 PM

চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ে (চবি) চায়ের দোকানে চেয়ারে বসা নিয়ে বিতণ্ডার জেরে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক।

বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে সোমবার রাতে ওই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার জানান।

আক্রমণের শিকার দোস্ত মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। ‘ঢাকা স্টেট ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে কথা কাটাকাটি থেকে দোস্ত মোহাম্মদের ওপর চড়াও হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ সিএফসির নেতা খালেদ মাসুদ। সেখানে উপস্থিত হয়ে তার ১০-১২ জন অনুসারীও তাকে মারধর করেন।

দোস্ত মোহাম্মদ বলেন, “স্টেশনে একটি দোকানে চা খেতে গিয়ে চেয়ারে বসেছিলাম, খালেদ মাসুদ তখন বলেন ‘তুমি এটা কার অনুমতি নিয়ে নিয়েছ?’ জবাবে ‘তুমি করে বলছ কেন’ প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে তার হাতে থাকা গরম চা কাপসহ আমার মাথায় ছুঁড়ে মারে।”

সাংবাদিক পরিচয় দিলেও খালেদ মাসুদের অনুসারীরা তাকে এলোপাথাড়ি মারধর করে বলে দোস্ত মোহাম্মদের অভিযোগ।

“খালেদের সাথে থাকা ১০-১২ জন ছেলে আমাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে তারা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করে পেটে লাথি মারে। এর মধ্যে আরাফাত রায়হান (বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক) বেশি মারধর করেছে।”

ঘটনার পর দোস্ত মোহাম্মদকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দোস্ত মোহাম্মদের মাথায় আঘাতের চিহ্ন আছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক শুভাশীষ চৌধুরী শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেটে গুরুতর আঘাত পেয়েছে। ভেতরে রক্তক্ষরণ হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে হবে।”

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা খালেদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারটা আমার এক ছোট ভাই রেখে গিয়েছিল চা আনতে। তাই আমি তাকে বলেছিলাম ‘তুমি চেয়ারটা নেওয়ার সময় জিজ্ঞেস করে নিতে পারতে। পরে তার সেশন ২০১৬-২০১৭ বলায় আমি তাকে বলি ‘তাহলে তো তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না’। পরে ওখানে একটু হাতাহাতি হয়েছিল।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ওই সাংবাদিককে দেখতে গেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”