১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে গেল ভোটের সরঞ্জাম

এসব সরঞ্জাম নির্বাচনের আগে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 07:25 PM

Updated : 29 Dec 2023, 07:25 PM

চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় এলাকায় ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে বিভিন্ন আসনের কেন্দ্র ও ভোটার অনুযায়ী সরঞ্জাম পাঠিয়েছে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়।

ব্যালেট ছাড়া অন্যান্য সরঞ্জাম বেশির ভাগ স্থানে পৌঁছেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিভিন্ন আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরীর ১০ জনসহ মোট ২৬ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম পাঠানো হয়।

তাদের তত্ত্বাবধানে রেখে এসব সরঞ্জাম নির্বাচনের আগে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানান তিনি।

শুক্রবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বাস, ট্রাকে করে এসব সরঞ্জাম পাঠানো হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিরা এসব সরঞ্জাম বুঝে নিয়েছে বলে জানান চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী।

চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা যায়, প্রত্যেক নির্বাচনি এলাকার ভোট কেন্দ্রে কক্ষ অনুযায়ী ব্যালট বক্স, স্টেশনারি সামগ্রী, সুতা, চার্জ লাইট, গালা, চটের থলি ইত্যাদি পাঠানো হয়েছে।

ব্যালট পেপার ঢাকা থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। সন্দ্বীপের উরকিরচর ইউনিয়নের দুটি কেন্দ্র ছাড়া অন্যসব কেন্দ্রে ভোটের দিন সকালে পৌঁছানো হবে এসব ব্যালট পেপার।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি আসনে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে নগরীর ছয়টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন বিভাগীয় কমিশনার, আরও ১০টি কেন্দ্রের দায়িত্বে আছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসকরা শহরে বিভিন্ন আসনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলার বিভিন্ন আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন । যাদের

মধ্যে ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন পুরুষ, ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন নারী এবং ৫৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ।

চট্টগ্রাবে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৩টি, যেখানে মোট বুথের সংখ্যা ১৩ হাজার ৭৩২টি।