২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যান চুরি করে চাকা বিক্রি, চট্টগ্রামে গ্রেপ্তার ২

সিসিটিভির ভিডিও দেখে একজনকে শনাক্ত করা হয়; তার দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয় আরেকজনকে।

কভার্ড ভ্যান চুরি করে চাকা বিক্রি, চট্টগ্রামে গ্রেপ্তার ২

গ্রেপ্তার ফখরুল ইসলাম রাব্বি ও জাহাঙ্গীর আলম শেখ (বা থেকে)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 10:06 PM

Updated : 12 Apr 2023, 10:06 PM

চট্টগ্রামে কভার্ড ভ্যান চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চুরির পর চাকা খুলে বিক্রি করে ভ্যানটি অন্য এলাকায় ফেলে রাখা হত।

বুধবার বন্দর থানার খালপাড় ও চৌধুরী পাড়া এলাকা থেকে ফখরুল ইসলাম রাব্বি (১৯) ও জাহাঙ্গীর আলম শেখ (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাব্বি কভার্ড ভ্যান চালকের সহকারী হিসেবে কাজ করেন। এই কারণে ভ্যান চালাতে পারেন তিনি।

“চুরি করা কভার্ড ভ্যানটি গত রোববার গভীর রাতে নিমতলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ের সামনে রেখে চালক তার বাসায় যান। পরদিন সকালে তিনি দেখেন ভ্যানটি নেই।”

চালক বিষয়টি তার মালিককে জানায়; পরে আশেপাশের সিসিটিভির ভিডিও দেখে এক যুবককে ভ্যানটি চালিয়ে নিয়ে যেতে দেখা যায়।

সিসিটিভির ভিডিওতে রাব্বিকে শনাক্ত করা গেলে তাকে নিমতলা খালপাড় থেকে গ্রেপ্তার করা হয়, জানান এই পুলিশ কর্মকর্তা।

ওসি সঞ্জয় আরও বলেন, রাব্বির দেয়া তথ্যে হালিশহর থানার টোল রোডের আইয়ুব আলী মিস্ত্রি গ্যারেজ এলাকা থেকে তিন চাকা বিহীন কভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

"রাব্বিকে জিজ্ঞাসাবাদে সে চাকা তিনটি খুলে জাহাঙ্গীরের কাছে বিক্রি করার তথ্য দেয়। পরে চৌধুরী পাড়া এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে চাকা তিনটি উদ্ধার করা হয়।"

পুলিশ কর্মকর্তা সঞ্জয় বলেন, রাব্বি মূলত কভার্ড ভ্যানটি চুরি করছিল চাকা বিক্রির জন্য। চাকা বিক্রির পর সে গাড়িটি ওই জায়গায় রেখে চলে যেত।