২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণের পর কলেজ ছাত্রকে খুন, গ্রেপ্তার আরও ২

তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার স্বীকারোক্তি দিয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 08:25 AM

Updated : 23 Oct 2023, 08:25 AM

চট্টগ্রামে অপহরণের পর কলেজ ছাত্রকে খুন করে লাশ গুমের ঘটনায় আরও ‍দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত ও শাহ আমানত সেতু এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান।

গ্রেপ্তার দুইজন হলেন- উচিং থোয়াই মারমা (২৬) ও ক্যাসাইং চৌধুরী (৩৬)। তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার ‘স্বীকারোক্তি দিয়েছে’ বলে র‌্যাবের ভাষ্য।

গত ১১ সেপ্টেম্বর রাঙামাটির উপজেলার কাউখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২০ বছর বয়সী কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের লাশের অংশবিশেষ এবং হাড়গোড় উদ্ধার করে পুলিশ। গত ২৮ অগাস্ট রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের একটি মুরগীর ফার্ম থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ এর আগে হত্যাকাণ্ডের ‘হোতাকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছিল।

রোববার চান্দগাঁও ক্যাম্পে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তারের পর উচিং থোয়াই মারমা স্বীকার করেছেন যে তিনি নিজ হাতে হৃদয়কে গলা কেটে খুন করেন।  এবং হত্যাকাণ্ডের সময় তার সহযোগী ক্যাসাইং হৃদয়ের পা চেপে ধরেছিলেন।”

রাউজানের স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয় পড়ালেখার পাশাপাশি তার বাড়ির কাছে একটি মুরগীর ফার্মে কাজ করতেন। সেখানে তার সঙ্গে কাজ করা কয়েকজন যুবকের সঙ্গে বিরোধের জেরে অপহরণ করে তাকে খুন করা হয় বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, এর আগে হৃদয়কে অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তারই সহকর্মী উমং চিং মারমা নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।  ওই যুবকের দেওয়া তথ্যেই রাঙামাটির কাউখালীর পাহাড় থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, লাশ উদ্ধার করে ফেরার পথে স্থানীয়রা পুলিশের গাড়ি আটকে উমং চিংকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেয়; ওই ‘গণপিটুনিতেই’ উমং চিং মারমার মৃত্যু হয়।

র‌্যাব কর্মকর্তা মাহবুব আলম বলেন, “হৃদয়ের সহকর্মী উমং চিং মারমা ও অংথুই মারমা গত ২৮ অগাস্ট তাকে অপহরণ করে একটি পাহাড়ে নিয়ে গিয়ে আটকে রেখে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে রাজি হওয়ার পরও ২৯ অগাস্ট রাতে উমং চিং হৃদয়কে মেরে ফেলার নির্দেশ দেয়। এরপর গ্রেপ্তার হওয়া উচিং থোয়াই খুন করে হৃদয়কে।

“লাশটি প্রথমে কলাপাতা দিয়ে ঢেকে রাখলেও পরে লাশ গুম করার জন্য শরীর থেকে মাংস বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়।“

র‌্যাব জানায়, হৃদয়ের বাবা ১ সেপ্টেম্বর অপহরণকারীদের কথা মত বান্দরবানে গিয়ে তাদের হাতে দুই লাখ টাকা দিয়ে আসেন। এসময় তারা হৃদয়ের বাবাকে বলেছিলেন, তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, সময়মত সে বাড়িতে ফিরেও যাবে।

র‌্যাব কর্মকর্তা মাহবুব সংবাদ সম্মেলনে বলেন,  উচিং থোয়াই মারমা ওই দুই লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা নিজে রেখে বাকিটা অন্যদের দেন।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)