২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার তাগিদ চট্টগ্রাম মেয়রের

বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে শনিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 04:44 PM

Updated : 22 Jul 2023, 04:44 PM

উন্নত মনন গঠন ও যোগ্য নাগরিক হয়ে উঠতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

শনিবার চট্টগ্রামের বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ মেধা বিকাশে ও যোগ্য নাগরিক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি ও ক্রীড়াচর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায়। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা করলেই হবে না, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ।

“এজন্য প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। কারণ সাংস্কৃতিক চর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। আমাদের প্রত্যাশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা সংস্কৃতিবান মানুষদের নেতৃত্বে আরো বেগবান হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, “ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এগিয়ে যেতে হবে। জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে।”

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র রেজাউল।

স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর এম আশরাফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা।