শিশুকন্যাকে ধর্ষণ, বাবার ফাঁসির রায়
আসামি নিজেকে বাঁচাতে মেয়েকে অস্বীকার করেছিল বলে জানিয়েছেন পিপি।
নিজের বার বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামে এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রী, গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি চট্টগ্রাম নগরীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আইনজীবী আরিফুল আলম বলেন, “পিতা হয়ে নিজের সন্তানকে ধর্ষণ করা একটি গুরুতর অপরাধ। পিতা- কন্যার সম্পর্ক অত্যন্ত পবিত্র। নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। এ ধরনের ঘটনায় পারিবারিক সম্পর্কের প্রতি মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে।
“ভিকটিম শিশুটির মানসিক বিকাশ এবং স্বাভাবিক জীবনযাপন এ ঘটনায় ব্যাহত হতে পারে। তাই আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন আদালত।”
মামলার বিবরণে জানা যায়, শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন। ঘটনার পাঁচ মাস আগে নানা বাড়ি থেকে এসে শিশুটি মা-বাবার সাথে চট্টগ্রামের ভাড়া বাসায় থাকা শুরু করে।
২০২১ সালের ২০ এপ্রিল ভোরে মা কাজে গেলে বাবা তার মেয়েকে ডেকে মোবাইল চার্জে দিতে বলে। এর কিছুক্ষণ পর আবার মোবাইলটি এনে দিতে বলে। শিশুটি অন্য কক্ষে মোবাইল আনতে যাওয়ার এক পর্যায়ে তার ওপর নির্যাতন চালায় ওই ব্যক্তি।
সেদিন বিকালে মেয়েটি কাছাকাছি তার খালার বাসায় চলে যায়। সেখান থেকে ফোনে ঘটনা মাকে জানায়। পরে ওই বছরের ২৮ এপ্রিল মেয়েটি বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় মামলা করে।
মামলায় অভিযোগ করা হয়, ওই ব্যক্তি ২০২১ সালের ২৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্ত্রী বাসায় না থাকা অবস্থায় মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছিলেন।
সরকারি কৌঁসুলি আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে সাফাই সাক্ষী দেওয়ার সময় আসামি দাবি করে, ভুক্তভোগী তার মেয়ে নয়। শুরুতে ওই মেয়ের মায়ের সাথে আসামির বিয়ে হলেও একবার ছাড়াছাড়ি হয়। তখন তার স্ত্রী আরেকটি বিয়ে করেছিল।
“পরে ২০১৯ সালে আগের স্ত্রীকেই আবার বিয়ে করেন আসামি। তার দাবির প্রেক্ষিতে আমরা আদালতে ডিএনএ টেস্টের আবেদন করি। ডিএনএ টেস্টে মেয়ের সাথে বাবার ডিএনএ একশ ভাগ মিলে যায়।”
আরিফুল আলম বলেন, “মূলত নিজের মেয়ে নয় দাবি করে স্ত্রীর সাথে বিরোধ থাকার কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল-এমন একটি মিথ্যা অভিযোগ করেছিল আসামি। নিজেকে রক্ষা করতেই সে এই দাবি করে।
“ভিকটিম, তদন্তকারী কর্মকর্তা এবং চিকিৎসকসহ মোট আট জনের সাক্ষ্যে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে।”
২০২১ সালের ২৪ জুন তদন্ত শেষে পুলিশ ওই ব্যক্তিকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার শুরু হয়।
