সভা করতে চাইলে বিএনপিকে নৈরাজ্যের মনোভাব ছাড়তে হবে: নাছির
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় বিএনপি ও তার মিত্ররা এই উদারতাকে দুর্বলতা ভাবছেন।”
নাশকতা ও নৈরাজ্যের মনোভাব পরিবর্তন না হলে চট্টগ্রামে বিএনপিকে আর কোনো সভা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
‘আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি জামাতের পূর্বপরিকল্পিত হামলা ও ভাংচুর এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে’ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নগর আওয়ামী লীগ।
গত বুধবার পদযাত্রা কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীরা নগরীর লালখান বাজারে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।
এতে মহিউদ্দিন বাচ্চুর ৭-৮ জন অনুসারী আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা চলে যায়।
এর কিছুক্ষণ পর নগরীর নুর আহম্মদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় নাসিমনে ভবনে এসে বিক্ষোভ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবারের সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “বিএনপি আগুন নিয়ে খেলা শুরু করেছে। তাদের জানা উচিত এই আগুনে তাদের নিজেদের হাতই পুড়বে, এটাই ইতিহাসের শিক্ষা।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় বিএনপি ও তার মিত্ররা এই উদারতাকে দুর্বলতা ভাবছেন। তারা নাশকতা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন।”
নাছির বলেন, “তাদের উদ্দেশ্যে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, যদি পরিবর্তন না হয়ে এসব করতে থাকেন তাহলে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির কুমতলবে আপনাদেরকে আর কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।
“আমরা আর প্রতিবাদ সভা করব না, এবার সরাসরি অ্যাকশনে নামব। আমরা দেখেছি বিএনপি এর আগে তাদের রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করেছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। সরকারি সম্পদ ধ্বংস করেছে এবং দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করেছে; কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি এবং এবারও হবে না।”
সাবেক মেয়র নাছির বলেন, “আপনাদের পরিকল্পিত ফাঁদে আমরা পা দিব না। এটা আপনাদের ভুল ধারণা যে, বাইরে থেকে কেউ এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।
“এতদিন তো আপনারা গর্তে ছিলেন। কার্যালয়ে মাছি উড়ত। এখন রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি করতে দিয়েছে, তাতেই আপনারা বিরাট শক্তিশালী হয়ে গেছেন? আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। আপনাদের ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না।”
বুধবারের হামলার বিষয়ে নাছির বলেন, “নির্বাচনী কার্যালয়ে পরিকল্পিত হামলা করেছে। সেখানে প্রচারণার কাজে নিয়োজিত কিছু কর্মী ও নারী কর্মীরা ছিলেন। মহিলাদের যারা আঘাত করে তারা মানুষ নয়। আপনাদের রূপ আমরা অতীতেও দেখেছি। আপনাদের পূর্ব পুরুষরা একাত্তরে নারীদের উপর হামলা করেছিল।”
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “আমরা অনেক সহশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছি। গতকাল চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে পরিকল্পিত ন্যাক্কারজনক হামলা ও ভাংচুর প্রমাণ করে যে, এই অপশক্তিকে আর ছাড় দেয়ার কোনো অবকাশ নেই।
“আমরা অনেক প্রতিবাদ সমাবেশ করেছি। এবার থেকে প্রতিশোধ নিব। আমরা গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার মানে এই নয় যে, আমরা নির্বাচন বানচালকারীদের প্রশ্রয় দেব।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন নগর কমিটির সহ সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, আহমেদুর রহমান সিদ্দিকী, সাইফুদ্দিন খালেদ বাহার, বখতেয়ার উদ্দীন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
