১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ লক্ষ্মীপুরে গ্রেপ্তার

২০১৭ সালে গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন আকবর। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি জামিনে ছাড়া পান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 11:57 AM

Updated : 12 Dec 2023, 11:57 AM

বিদেশে পালিয়ে থাকা ইসলামী ছাত্র শিবিরের ‘ক্যাডার’ সাজ্জাদের অন্যতম সহযোগী ‘ঢাকাইয়া আকবরকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর থেকে দুটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান জানিয়েছেন।

মো. আকবর ওরফে ঢাকাইয়া আকবর চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদের হয়ে বায়েজিদ, অক্সিজেন এলাকায় চাঁদাবাজি করত বলে পুলিশের ভাষ্য।

২০১৭ সালে গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন আকবর। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি জামিনে ছাড়া পান।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস বলেন, পুরনো একটি মামলার পরোয়ানায় আকবরকে গ্রেপ্তার করতে লক্ষ্মীপুরে যায় বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল। লক্ষ্মীপুর জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং দেশে তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় লক্ষ্মীপুরে আকবরের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা হবে বলে জানান ওসি।

২০১৭ সালে গ্রেপ্তারের সময় আকবরের কাছ থেকে পুলিশ ছয় রাউন্ড কার্তুজসহ একটি বন্দুক উদ্ধার করেছিল। ওই সময় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে কামড়ে আহত করে পালানোর চেষ্টা করেছিলেন তিনি।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)