২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কভার্ড ভ্যান আগুন, পুলিশ বলছে ‘রহস্যজনক’

পেছনেই গ্যারেজ, তারপরও নষ্ট কভার্ড ভ্যানটি রাখা হয়েছিল রাস্তার পাশে; মালিক পুলিশকেও কিছু জানাননি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2023, 06:26 PM

Updated : 24 Nov 2023, 06:55 PM

বিএনপির ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কভার্ড ভ্যান আগুনে পুড়েছে, যে ঘটনায় ‘রহস্য’ দেখতে পাচ্ছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে উপজেলার ভাটিয়ারি বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যানটি জামাল সওদাগর নামে স্থানীয় এক ব্যক্তির। তার আরও কয়েকটি কভার্ড ভ্যান আছে। গ্যারেজের সামনে রাস্তার পাশে গাড়িটি রাখা ছিল। ভোর ৪টার দিকে সেখানে আগুন লাগে। মালিক তখন নিজের লোকজন দিয়ে গাড়ির আগুন নিভিয়ে ফেলেন।

“আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। যে জায়গায় কভার্ড ভ্যানটিতে আগুন লেগেছে, তার কাছেই মালিকের বাড়ি এবং পাশেই গ্যারেজ। গ্যারেজে আরও ৮/১০টা কভার্ড ভ্যান ছিল। সেগুলোতে কিছু হয়নি,” বলেন ওসি।

তিনি বলেন, “মালিক নিজেই আগুন নিভিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। ঘটনাস্থলের কাছেই পুলিশ ফাঁড়ি। তিনি পুলিশ ও বাড়ির সদস্য কাউকে কিছু জানাননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।”

আগুনে কভার্ড ভ্যানের সামনে চালকের আসন পুড়েছে। ইঞ্জিনসহ অন্যান্য সবকিছু অক্ষত আছে বলে জানান ওসি।

বিএনপি- জামায়াতের টানা অবরোধের প্রথমদিকে গত ১ নভেম্বর উপজেলার পন্থিছিলা এলাকায় লোহার রড বোঝাই একটি লরিতে আগুন দেওয়া হয়েছিল। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটত প্রায়ই।

ওসি তোফায়েল বলেন, “গাড়িটি যে স্থানে রাখা ছিল, তার পেছনেই গ্যারেজ। কিন্তু সেটি সেখানে না রেখে সড়কের পাশে পার্ক করা হয়েছিল। সেখানে দুই জন পাহারাদার ছিল। তারা আগুন লাগার বিষয়ে কিছু দেখেনি বলে দাবি করেছেন।” 

মালিককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, “আগুন লাগা কভার্ড ভ্যানটি পুরানো এবং নষ্ট ছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেটি সড়কের পাশে রাখা হয়েছিল। ভোরে আগুন লাগার খবর শুনে তিনি বাড়ি থেকে এসে নিজের লোক নিয়ে আগুন নিভিয়ে ফেলেন।”

বিষয়গুলো নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফ থেকে গাড়ির মালিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।