১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়াবাসহ ধরা: তিন বছর পর যাবজ্জীবন সাজা

২০২০ সালের ১৭ জুলাই নগরীর বাকলিয়া থানার রাহাত্তাপুল এলাকা থেকে ২৪ হাজার ইয়াবাসহ সেন্টুকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একটি দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 08:07 PM

Updated : 24 Jan 2024, 08:07 PM

তিন বছর আগে ২৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক নারগিস আক্তার এই রায় দেন।

দণ্ডিত ২২ বছর বয়সী মো. সেন্টু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দেওপুর গ্রামের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাস কারাগারে থাকতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই নগরীর বাকলিয়া থানার রাহাত্তাপুল এলাকা থেকে সেন্টুকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একটি দল।

সেন্টু পিকআপ ভ্যান চালাতেন। তার সেই ভ্যানে চালকের আসনের নিচ থেকে ২৪ হাজার দুইশ টি ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব সে সময় জানায়, কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিলেন সেন্টু।  

এ ঘটনায় র‌্যাব-৭ এর সে সময়ের ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুদ মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ গঠন হয় ২০২২ সালের ৮ মার্চ।

সেন্টুর মামলায় ১১ জন সাক্ষ্য দেন আদালতে।