২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা ‘ঈমানী দায়িত্ব’: মাহতাব

“ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য এখন থেকেই প্রণোদিত করতে হবে,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 09:34 PM

Updated : 05 Dec 2023, 09:34 PM

নির্বাচনি ট্রেনে যারা উঠতে পারেনি তারা এ ট্রেন থামাতে চেষ্টা করলে এতে পিষ্ট হয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। 

মঙ্গলবার নগরীর বহদ্দারহাট স্বাধীনতা পার্কে ছয়টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনি ট্রেনযাত্রা শুরু হয়ে গেছে। ৭ জানুয়ারি তা গন্তব্যে পৌঁছাবে। এ ট্রেনযাত্রায় যারা উঠতে পারেনি তারা যদি এ ট্রেন থামাতে চেষ্টা করে তাহলে ট্রেনের চাকায় তাদের পিষ্ট হতে হবে। 

“দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন তাকে বিজয়ী করার একটি ঈমানী দায়িত্ব সকল নেতাকর্মীদের উপর অর্পিত হয়েছে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য এখন থেকেই প্রণোদিত করতে হবে।” 

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপির নৈতিক পরাজয় ঘটেছে।

তিনি বলেন, ভোটে না আসার সিদ্ধান্তে বিএনপির নেতাকর্মীরাও ক্ষুব্ধ। বিএনপি আমলের একাধিক মন্ত্রী, এমপি ও নেতা নির্বাচনে এসেছে। 

বিএনপি-জামায়াত এখন পরবাসী ও পরগাছা মন্তব্য করে তিনি বলেন, অচিরেই তাদেরকে নির্মূল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের সাফল্য অর্জন এবং বিএনপি জামাত আমলের কুর্কীতি ও ব্যর্থতার চিত্র তুলে ধরতে হবে। 

নূর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে ও চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, নগর কমিটির উপদেষ্টা শফর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান।