কানটা আছে কি না, আগে হাত দিয়ে দেখবেন: শেখ হাসিনা
গুজবে বিভ্রান্ত হয়ে টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রাখলে চুরিও হতে পারে, সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
বিএনপি-জামায়াত গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে তাতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “ওরা (বিএনপি-জামায়াত) যখন জনমত সৃষ্টি করতে পারে না, নীতিমালায় পারে না, দেশের উন্নতি করতে পারে না; কিন্তু মিথ্যা কথা বলায় পারদর্শী। গুজব ছড়িয়ে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে।
“আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা দয়া করে গুজবে কান দেবেন না। ওই যে কান চিলে নিয়ে গেছে বলে চিলের পেছনে ছুটবেন না। আগে হাত দিয়ে দেখবেন, কানটা আছে কি না।”
রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।
বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “ওরা মিথ্যা কথা বলে। ওটা ওদের অভ্যাস। কাজেই আপনাদের কাছে আমার এটাই আহ্বান যে আপনারা আগে গুজবটা সত্য কি না সেটা দেখবেন। এটা শুধু চট্টগ্রামবাসী না, আমি সারা বাংলাদেশের মানুষের জন্যই বলছি।”
রিজার্ভ ও ব্যাংক খাত নিয়ে গুজব ছড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, “আজকে আমাদের রিজার্ভ আমরা ব্যবহার করেছি। এখনও ৩৪ বিলিয়ন রিজার্ভ আমাদের আছে। একটা গুজব ছড়ানো হচ্ছে… ডিজিটাল বাংলাদেশ করেছি আমি, আর সোশাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়।”
শেখ হাসিনা বলেন, “বলে ব্যাংকে টাকা নাই। অথচ এই কয়েকদিনে যারা ব্যাংকে টাকা তুলতে গেছে, তারা সবাই তো টাকা তুললে পেরেছে।
“এখন এখানে আমার একটা কথা আছে। সেটা হলো, আপনি ব্যাংকে টাকা রাখবেন না; টাকা তুলে এনে ঘরে রাখবেন, বালিশের নিচে গুঁজে রাখবেন না তোশকের নিচে রাখবেন, না আলমারিতে রাখবেন- সে টাকা তো চোরেও নিয়ে যেতে পারে!”
শনিবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘গুজবে আতঙ্কিত হয়ে’ গত কয়েক দিনে ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এখন ভুল বুঝতে পেরে সেই টাকা ব্যাংকে ফেরত আসতে শুরু করেছে।
চট্টগ্রামের জনসভায় শেখ হাসিনা বলেন, “এই যে গুজব রটিয়ে মানুষ বিভ্রান্ত হয়, টাকা তুলে ঘরে আনে। অনেকের তো টাকা চুরিও হয়ে গেছে, তখন আবার ব্যাংকে গিয়ে ফেরত দিচ্ছে। এই যে মানুষের সর্বনাশ করা, এটাই কি বিএনপি আর জামাত-শিবিরের কাজ?
“নাকি চোরের সাথে তাদের কোনো সখ্য আছে? চোরকে চুরির সুযোগ করে দেওয়া। সেজন্য মানুষকে বলে- ব্যাংকে টাকা রাইখেন না, টাকা নেই। অথচ ঘরে রাখলে চোরের সুবিধা। চোরের পোয়াবারো।“
সরকার প্রধান বলেন, “আসলে ওরা নিজেরাই মানুষের টাকা মেরে খায়। কাজেই এটাই তাদের স্বভাব। তাই তারা ওই কাজই করে যাচ্ছে।”
বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের খাদ্য উৎপাদন আমরা কয়েকগুণ বৃদ্ধি করেছি, যার ফলে এখন আমাদের খাদ্যের কোনো অভাব হবে না।”
