চট্টগ্রামে রেলের উচ্ছেদ অভিযনে ২৫ একর জমি উদ্ধার
উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
চট্টগ্রামের জানালিহাট স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় পাঁচ কোটি টাকার ভূমি উদ্ধার করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
সোমবার পূর্ব রেলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীর নেতৃত্বে জানালিহাট রেল স্টেশনের ইস্পাহানি সাইডিং লাইনের আশপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সুজন চৌধুরী জানান, অভিযানে ২০টির মত সেমিপাকা, টিনশেড ঘর ও দোকানঘর উচ্ছেদ করে দশমিক ২৫ একর জমি উদ্ধার করা হয়। ওইসব জমিতে ১৪০ জন অবৈধ দখলদার ছিল।
উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানান তিনি।
অভিযানে রেলের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও চান্দগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
